খেলা
১৭ বছর বয়সেই আন্তর্জাতিক অধিনায়ক, বিশ্ব রেকর্ড গড়লেন ক্রোয়েশিয়ান তরুণ
ভোটার হওয়ার বয়সও হয়নি, অথচ হাতে লেগেছে জাতীয় দলের নেতৃত্বের ভার। মাত্র ১৭ বছর ৩১১ দিন বয়সে আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম বয়সী অধিনায়কের রেকর্ড গড়েছেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচ।
বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) সাইপ্রাসের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ক্রোয়েশিয়ার নেতৃত্ব দেন তিনি। তবে অধিনায়কত্বের প্রথম দিনটা সুখকর হয়নি—একই দিনে অনুষ্ঠিত দুটি ম্যাচেই সাইপ্রাসের কাছে হেরেছে তার দল।
এর আগে রেকর্ডটি ছিল ফ্রান্সের নোমান আমজাদের দখলে, যিনি ২০২২ সালে মাত্র ১৮ বছর ২৪ দিন বয়সে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ফ্রান্সকে নেতৃত্ব দিয়েছিলেন।
ভুকুসিচ ও আমজাদসহ সর্বকনিষ্ঠ চার আন্তর্জাতিক অধিনায়কই আইসিসির সহযোগী সদস্য দেশের ক্রিকেটার। ২০১৯ সালে আইসিসি সহযোগী সদস্য দেশগুলোর ম্যাচকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি মর্যাদা দেওয়ার পর থেকে এমন রেকর্ড প্রায়ই তৈরি হচ্ছে।
টি-টোয়েন্টিতে নয়, ওয়ানডে ও টেস্টে সবচেয়ে কম বয়সে অধিনায়কত্বের রেকর্ডটি আফগানিস্তানের রশিদ খানের দখলে। তিনি ১৯ বছর ১৬৫ দিন বয়সে ওয়ানডেতে স্কটল্যান্ডের বিপক্ষে আফগান দলকে নেতৃত্ব দেন। সব ফরম্যাট মিলিয়ে রশিদ পঞ্চম সর্বকনিষ্ঠ অধিনায়ক। টেস্টে তার অধিনায়কত্বের অভিষেক হয় ২০১৯ সালে, চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে, বয়স তখন ২০ বছর ৩৫০ দিন।