খেলা
ওয়ানডে থেকেও বিদায় ঘণ্টা বাজছে রোহিত-কোহলির?
টি-টোয়েন্টি আর টেস্ট থেকে বিদায় নিয়েছেন আগেই। এবার কি ওয়ানডে ক্রিকেট থেকেও সরে দাঁড়াতে যাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি? ভারতের ক্রিকেট অঙ্গনে এখন এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
দেশের দুই সেরা ব্যাটারের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে গুঞ্জন, বিশেষ করে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে কেন্দ্র করে যেভাবে পরিকল্পনা সাজাচ্ছে বিসিসিআই, তাতে রোহিত-কোহলির বিদায় এখন সময়ের ব্যাপার মাত্র—এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম।

বিশ্বকাপের আগে আরও অন্তত ২৭টি ওয়ানডে খেলবে ভারত। কিন্তু রোহিত শর্মা এখন ৩৮-এ পা দিয়েছেন, কোহলিও পার করছেন ৩৬। ফলে ২০২৭ সালের বিশ্বকাপে রোহিত হবেন ৪০ বছর বয়সী, কোহলি ৩৮—যে বয়সে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া চ্যালেঞ্জিং তো বটেই, বরং ঘরোয়া পর্যায়ে পারফর্ম করে দলে জায়গা ধরে রাখাও হয়ে দাঁড়াবে কঠিনতম লড়াই।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের নির্বাচকরা সিদ্ধান্ত নিয়েছেন, যারা ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলতে আগ্রহী, তাদের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট ‘বিজয় হাজারে ট্রফি’ খেলেই নিজেকে প্রমাণ করতে হবে। রোহিত-কোহলির মত প্রতিষ্ঠিত তারকাদের ক্ষেত্রেও এই শর্ত প্রযোজ্য। কিন্তু এতদিন জাতীয় দলের বাইরে থাকা এই দুই ক্রিকেটার আদৌ কি ঘরোয়া ক্রিকেটে ফিরে প্রমাণের চেষ্টায় আগ্রহী হবেন?
চ্যাম্পিয়ন্স ট্রফিতে যদিও ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন দুজনই—কোহলি করেছিলেন ৫ ম্যাচে ২১৮ রান, রোহিতের ব্যাটে এসেছিল ১৮০ রান। ভারতও হয়েছিল শিরোপাজয়ী। তবুও ফর্ম নয়, প্রশ্নটা বয়স ও ভবিষ্যৎ পরিকল্পনা ঘিরে। তরুণদের নিয়ে ২০২৭ বিশ্বকাপ গড়ার ভাবনায় থাকা নির্বাচকেরা হয়তো চাইছেন, এবার অভিজ্ঞ যুগের অবসান ঘটিয়ে দল গড়তে।

অক্টোবরেই অস্ট্রেলিয়া সফর রয়েছে ভারতের, অনেকের মতে এটাই হতে পারে রোহিত ও কোহলির শেষ ওয়ানডে সিরিজ। যদি তেমনটা হয়, তবে অধিনায়কত্ব ছাড়ার বিষয়টিও আসবে সামনে। ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে আলোচনায় আছেন শুবমান গিল, যিনি কিছুদিন আগেই টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন। সম্ভাবনার তালিকায় রয়েছেন শ্রেয়াস আইয়ারও, যিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেছেন।
ভারতের সাবেক নির্বাচক দেবাং গান্ধী বিষয়টি নিয়ে স্পষ্টই বলেছেন, “আপনি কীভাবে যশস্বী জাইসওয়াল, রিশভ পান্ট, সাই সুদর্শনের মতো ক্রিকেটারদের বসিয়ে রাখবেন? এরা তো ইতোমধ্যে দেখিয়ে দিয়েছে তারা আন্তর্জাতিক পর্যায়ে মানিয়ে নিতে সক্ষম। এখনই সময় সঠিক সিদ্ধান্তের।”
সবমিলিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির ওয়ানডে ভবিষ্যৎ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। এখন দেখার বিষয়, বিসিসিআই ও নির্বাচকরা কী সিদ্ধান্ত নেন, আর দুই তারকা ব্যাটার কী পথে হাঁটেন—শেষ হাসি কি তারা হাসবেন, নাকি বিদায়ের সুর বাজবে আরও একবার।