খেলা

উইন্ডিজকে উড়িয়ে ঐতিহাসিক সিরিজ জয়ে নেপাল


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম

উইন্ডিজকে উড়িয়ে ঐতিহাসিক সিরিজ জয়ে নেপাল
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টির দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিয়ে ইতিহাস গড়ল নেপাল। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার (২৯ সেপ্টেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টিতে তারা জিতল বিশাল ৯০ রানে। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই ৩ ম্যাচের সিরিজ নিজেদের করে নিল এশিয়ার উদীয়মান দলটি।

এটাই কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে নেপালের প্রথম সিরিজ জয়। এর আগে কখনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে জয়ের স্বাদই পায়নি তারা। একই সঙ্গে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে কোনো টেস্ট খেলুড়ে দলকে হারানোর রেকর্ড গড়ল নেপাল। ২০১৬ সালে শারজাহতেই জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ৮১ রানের জয় ছিল আগের রেকর্ড।

 

nepal-Dhaka Prokah News-30-09-2025.jpg
ছবি: সংগৃহীত

প্রথমে ব্যাট করতে নেমে নেপাল তোলে ৬ উইকেটে ১৭৩ রান। দলের বড় দুই ইনিংস আসে আসিফ শেখ ও জরা’র ব্যাট থেকে। আসিফ ৪৭ বলে অপরাজিত ৬৮ রান করেন ৮ চার ও ২ ছক্কায়। অন্যদিকে জরা খেলেন ৩৯ বলে ঝড়ো ৬৩ রানের ইনিংস, যাতে ছিল ৫ ছক্কা ও ৩ চার। এই দুজনের জুটিতে আসে ৬৬ বলে ১০০ রান, যা নেপালের স্কোরকে চ্যালেঞ্জিং করে তোলে।

জবাবে রান তাড়ায় শুরু থেকেই ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ৫ ওভারে করতে পারে মাত্র ৭ রান। প্রথম বাউন্ডারি আসে ৩৪ বলে! শেষ পর্যন্ত তারা গুটিয়ে যায় মাত্র ৮৩ রানে। জেসন হোল্ডার সর্বোচ্চ ২১ রান করলেও বাকিদের ব্যর্থতায় বড় লজ্জায় পড়ে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বল হাতে নেপালের সেরা পারফর্মার ছিলেন তরুণ পেসার মোহাম্মদ আদিল। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে নেন ৪ উইকেট। লেগ স্পিনার কুশাল ভুর্তেলও দারুণ বোলিং করে ২.১ ওভারে ১৬ রানে তুলে নেন ৩ উইকেট।

টি-টোয়েন্টিতে কোনো সহযোগী দেশের বিপক্ষে এটি টেস্ট খেলুড়ে দলের সর্বনিম্ন সংগ্রহ। এর আগে ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ড ৮৮ রানে অলআউট হয়েছিল।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল: ২০ ওভারে ১৭৩/৬ (আসিফ ৬৮*, জরা ৬৩; আকিল ২/২১)
ওয়েস্ট ইন্ডিজ: ১৭.১ ওভারে ৮৩ (হোল্ডার ২১; আদিল ৪/২৪, ভুর্তেল ৩/১৬)

ফল: নেপাল ৯০ রানে জয়ী

সিরিজ অবস্থা: নেপাল ২-০ তে এগিয়ে

ম্যান অব দ্য ম্যাচ: আসিফ শেখ