খেলা
আফগানিস্তানকে ৮ উইকেটে উড়িয়ে সেমিফাইনালের দোরগোড়ায় বাংলাদেশ
এশিয়া কাপ রাইজিং স্টার্স প্রতিযোগিতায় দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। মঙ্গলবার আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ৮ উইকেটের দাপুটে জয়ে গ্রুপের শীর্ষস্থান আরও দৃঢ় করল রাইজিং স্টার্সের বাংলাদেশ দল।
ম্যাচের শুরুতেই নিজের আগুনে বোলিংয়ে আফগানদের টপ অর্ডার উড়িয়ে দেন রিপন মন্ডল। ব্যক্তিগত ৮ বলের মধ্যেই ফিরিয়ে দেন তিন ব্যাটারকে। ১৬ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচের শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। এরপর রকিবুল হাসানের স্পিনে বিপর্যয় আরও বাড়ে। শেষ পর্যন্ত মাত্র ৭৮ রানে অলআউট হয় তারা।
আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন দারউইশ রাসুলী। এরপর দুজন ব্যাটার দুই অঙ্কে গেলেও দলকে টানার মতো কেউ পাওয়া যায়নি। প্রথম পাঁচ ব্যাটার ফিরেছেন ৩৫ রানে, আর শেষ পাঁচ জন আউট হয়েছেন মাত্র ১৬ রানের ব্যবধানে।
রিপন মন্ডল ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। রকিবুলও অসাধারণ- মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট। মেহেরবের ঝুলিতে গেছে ২টি উইকেট।
৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগের ম্যাচে রেকর্ড সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহান এবার ১৩ বলে ১০ রান করে আউট হন। গজনফর পরের ওভারেই ফেরান আরেক ওপেনার জিশান আলমকে (১০)।
২৪ রানে ২ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও জাওয়াদ আবরার ও মাহিদুল ইসলাম অঙ্কন ঠাণ্ডা মাথায় ম্যাচ বের করে আনেন। দুজনের অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে ১৩.৩ ওভারেই কাঙ্ক্ষিত ৭৯ রান স্পর্শ করে বাংলাদেশ।
জাওয়াদ ২৪* ও অঙ্কন ২৭* রানে অপরাজিত থাকেন।
দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের এক নম্বরে বাংলাদেশ। সমান ম্যাচে ২ পয়েন্ট করে নিয়ে শ্রীলঙ্কা ‘এ’ ও আফগানিস্তান ‘এ’ রয়েছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে।
আগামীকাল শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে লাল–সবুজের রাইজিং স্টার্সরা। সেমিফাইনাল নিশ্চিত করার লড়াই সেখানে আরও স্পষ্ট হবে।
প্রসঙ্গত, প্রথম ম্যাচে হংকংয়ের দেওয়া ১৬৭ রানের চ্যালেঞ্জ অনায়াসে পেরিয়ে যায় বাংলাদেশ। সেই ম্যাচেই সোহান ৩৫ বলে ঝড়ো ১০০* রান করে টুর্নামেন্টে দারুণ সূচনা করেন।