খেলা
মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া ঠিক হয়নি: শশী থারুর
বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কেন্দ্র করেই সাম্প্রতিক ক্রিকেট–রাজনীতির উত্তেজনার সূত্রপাত। আইপিএল থেকে এই টাইগার পেসারকে বাদ দেওয়ার ঘটনায় নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ভারতে ম্যাচ না খেলার অনুরোধ করেছিল।
তবে আইসিসি সেই অনুরোধ প্রত্যাখ্যান করে বিশ্বকাপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় পাকিস্তান।
এমন পরিস্থিতিতে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া সঠিক হয়নি বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেস নেতা ও বিশিষ্ট রাজনীতিবিদ শশী থারুর। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, খেলাধুলাকে এভাবে রাজনীতির সঙ্গে জড়িয়ে ফেলা অত্যন্ত দুঃখজনক।
পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় শশী থারুর বলেন, “সত্যি বলতে, খেলাধুলাকে এভাবে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া খুবই লজ্জাজনক। আমি মনে করি না যে মোস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিত ছিল। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক সিদ্ধান্ত।”
বাংলাদেশের বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তকে তিনি কিছুটা অতিরঞ্জিত বলেও মন্তব্য করেন। থারুর বলেন, “রাজনীতির হস্তক্ষেপে বাংলাদেশের প্রতিক্রিয়া আমার কাছে কিছুটা অতিরিক্ত মনে হয়েছে। তবে এটিও একই ঘটনার প্রতিফলন। পাকিস্তান এখন বাংলাদেশের সঙ্গে সংহতি দেখানোর চেষ্টা করছে। পুরো বিষয়টি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “খেলাধুলা-বিশেষ করে ক্রিকেটের মতো জনপ্রিয় খেলা-মানুষকে বিভক্ত করার নয়, বরং একত্রিত করার মাধ্যম হওয়া উচিত। এই পরিস্থিতি সংশ্লিষ্ট সবার জন্যই একটি সতর্কবার্তা। জরুরি ভিত্তিতে পারস্পরিক যোগাযোগ প্রয়োজন, আর এ ক্ষেত্রে আইসিসি একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে।”
এই ঘটনায় আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে। ক্রীড়ামোদীরা এখন তাকিয়ে আছেন, শেষ পর্যন্ত এই সংকট কোন পথে গড়ায়।