খেলা

পাকিস্তানকে হারিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ, পেছনে ওয়েস্ট ইন্ডিজ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৯:৫০ এএম

পাকিস্তানকে হারিয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে বাংলাদেশ, পেছনে ওয়েস্ট ইন্ডিজ
ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানকে ২–১ ব্যবধানে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে এখন নবম স্থানে উঠে এসেছে টাইগাররা।

সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৭৬। পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর তা বেড়ে হয়েছে ৭৯। অন্যদিকে এক ধাপ পিছিয়ে দশম স্থানে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ, তাদের রেটিং পয়েন্ট এখন ৭৭।

সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বাংলাদেশ। তবে নির্ধারণী তৃতীয় ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ে ১১ রানের জয় তুলে নিয়ে সিরিজ নিশ্চিত করার পাশাপাশি র‍্যাঙ্কিংয়েও উন্নতি করে দলটি।

সিরিজ হারলেও আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান ধরে রেখেছে পাকিস্তান। তবে তাদের রেটিং পয়েন্ট ১০৫ থেকে কমে এখন হয়েছে ১০২।

এই উন্নতির ফলে আগামী আইসিসি ক্রিকেট বিশ্বকাপে সরাসরি খেলার লড়াইয়ে আরও এগিয়ে গেল বাংলাদেশ। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে বিশ্বকাপে সরাসরি খেলা দল নির্ধারণ করা হবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়াও র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দল সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে।