খেলা

আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ: হামজা চৌধুরী


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ০১:৪৭ পিএম

আমি এখন বিশ্বের সবচেয়ে সুখী মানুষ: হামজা চৌধুরী
ছবি: সংগৃহীত

বছরজুড়ে ক্লাব লেস্টার সিটি এবং জাতীয় দলে দুঃসময় কাটালেও বছরের শেষ ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জয়ে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ মিডফিল্ডার হামজা চৌধুরী।

এশিয়ান কাপ বাছাইপর্বে মঙ্গলবার ভারতের বিপক্ষে ১–০ গোলের ঐতিহাসিক জয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের বাংলাদেশ। দলের হয়ে একমাত্র এবং ম্যাচজয়ী গোলটি আসে ফরোয়ার্ড শেখ মোরছালিনের পা থেকে-রাকিব হোসেনের দারুণ কাটব্যাক ধরে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।

যদিও নেপালের বিপক্ষে আগের প্রীতি ম্যাচে ওভারহেড ও পেনাল্টি থেকে দুটি গোল করেছিলেন হামজা, ভারতের বিপক্ষে এবার তার পা জালের দেখা পায়নি। কিন্তু রক্ষণভাগে তিনি ছিলেন দলের প্রকৃত ত্রাতা।

ম্যাচের ৩১তম মিনিটে ভারতের লালিয়ানজুয়ালা চাংতের একটি দূরপাল্লার শট বাংলাদেশের ফাঁকা পোস্টের দিকে এগিয়ে যাচ্ছিল। 

গোলরক্ষক মিতুল মারমা তখন পজিশনের বাইরে। ঠিক সেই মুহূর্তে সোনার হেডে বল কর্নারে পাঠিয়ে দলকে বিপদমুক্ত করেন হামজা চৌধুরী-যা ম্যাচের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে প্রশংসিত হচ্ছে।

ম্যাচ শেষে টি-স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে উচ্ছ্বসিত হামজা বলেন, “আমরা জানতাম এটি বড় ম্যাচ। কোচের সঙ্গে কথা বলেছি, প্রস্তুতি নিয়েছি। আলহামদুলিল্লাহ, আজ আমরা জিতেছি।”

পরে সংবাদ সম্মেলনে যখন তাকে জিজ্ঞেস করা হয়, “এ বছর কঠিন সময় কাটানোর পর আজ কি আপনি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ?”-তখন হাসিমুখে তিনি জবাব দেন, “হ্যাঁ, আজ আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। কারণ আজ আমরা ১৮ কোটি মানুষকে খুশি করেছি। পৃথিবীর অন্য কোথাও এমনটা সম্ভব নয়। এই জয় আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সাফল্য হয়ে থাকবে।”

লেস্টারের এফএ কাপ জয়ের সঙ্গে তুলনা করতে বললে তিনি বলেন, “এটি ভিন্ন ধরনের আনন্দ। দেশের জন্য এর গুরুত্ব আলাদা, তাই এর মূল্যও অনেক বেশি।”

শেষ চার ম্যাচে দলের পারফরম্যান্সের প্রসঙ্গ টেনে হামজা আরও বলেন, “শেষ চার ম্যাচে আমরা ট্যাকটিক্যালি দারুণ খেলেছি, ভালো পজিশন নিয়েছি; কিন্তু শেষ ধাপে ভুল করেছি। আজ উল্টোটা হলো-বল পায়ে হয়তো সেরা ছিলাম না, তবে দেখিয়েছি স্থিতিশীলতা কাকে বলে। এবার সময় এসেছে দুই দিক মিলিয়ে আরও শক্তিশালী হয়ে এগিয়ে যাওয়ার, ইনশাআল্লাহ।”