খেলা

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন মারিয়া, স্থগিত বিয়ে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১৬ পিএম

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন মারিয়া, স্থগিত বিয়ে
ছবি: সংগৃহীত

লিওনেল মেসির ছোট বোন মারিয়া সল তার বিয়ের পিঁড়িতে বসার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন আগামী ৩ জানুয়ারি। তবে আকস্মিক একটি সড়ক দুর্ঘটনার কারণে বিয়ে এখন স্থগিত করতে হয়েছে।

বিবিসি, ক্লারিন ও দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে মারিয়া সল একটি দেয়ালের সঙ্গে ধাক্কা খান। দুর্ঘটনায় তার শরীরের কিছু অংশ পুড়ে ও কশেরুকা ভেঙে গেছে। বর্তমানে তিনি বিপদমুক্ত এবং চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন।

মেসির মা সেলিয়া এবং আর্জেন্টিনার সাংবাদিক আনহেল দি ব্রিতো জানিয়েছেন, মারিয়াকে পুরোপুরি সুস্থ হতে কিছুদিন বিশ্রামে থাকতে হবে। এই কারণে বিয়ের অনুষ্ঠান এখন স্থগিত রাখা হয়েছে।

messi_sister1_Dhakaprokash.jpg

মেসির জন্মশহর রোজারিওতে ছোটবেলাতেই মারিয়া ও হুলিয়ান তুলি আরেল্লানো একে অপরের প্রেমে পড়েন। ১২ বছরের সম্পর্কের পরই তারা পরিবারের সম্মতিক্রমে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। হুলিয়ান বর্তমানে ইন্টার মায়ামি অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচ, যেখানে মেসির ছেলে খেলছে।

এদিকে লিওনেল মেসি ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেই থেকে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন। দুই বছর ৮৮ ম্যাচে ৭৭ গোল এবং ৪৪ অ্যাসিস্ট করার পাশাপাশি ২০২৩ লিগস কাপ, ২০২৪ সাপোর্টার্স শিল্ড ও ২০২৫ এমএলএস কাপ জয় করে মেসি তার ক্যারিয়ারের ৪৭তম শিরোপা জিতে নেন।

মেসি প্রায়ই তার ছেলেকে নিয়ে অনুশীলন ক্যাম্পে আসেন, যেখানে তার বিয়েতে উপস্থিত থাকা হুলিয়ানও বর্তমানে সহকারী কোচ হিসেবে কাজ করছেন।