খেলা

২০২৬ বিশ্বকাপ বয়কটের দাবি জার্মানির


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ০১:৫৮ পিএম

২০২৬ বিশ্বকাপ বয়কটের দাবি জার্মানির
ছবি: সংগৃহীত

ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনড় অবস্থান এখন বিশ্ব ক্রীড়াঙ্গনেও অস্থিরতা তৈরি করেছে।

ট্রাম্পের এই বিতর্কিত ভূ-রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার প্রতিবাদে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ বর্জনের জোরালো দাবি উঠেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিতে।জার্মানির রাজনৈতিক অঙ্গনে এখন এই বিষয়টিই আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

দেশটির বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সংসদ সদস্যরা জার্মান ফুটবল ফেডারেশনকে (ডিএফবি) দ্রুত বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন। জানা গেছে, এই পদক্ষেপে জার্মানির বর্তমান সরকারেরও পরোক্ষ সমর্থন রয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার ঘোষণা দেন এবং এর বিরোধিতা করায় ডেনমার্ক ও জার্মানিসহ ইউরোপের আটটি দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই অর্থনৈতিক চাপের মুখে পাল্টা ব্যবস্থা হিসেবে বিশ্বকাপ বর্জনের পথে হাঁটতে পারে জার্মানি। ২০২৬ বিশ্বকাপের আয়োজক তিনটি দেশ হলেও এর অধিকাংশ ম্যাচ এবং ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।

জার্মানির সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশটির ৪৭ শতাংশ মানুষ রাজনৈতিক প্রতিবাদের অংশ হিসেবে বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দিয়েছেন। বিপরীতে মাত্র ৩৫ শতাংশ মানুষ টুর্নামেন্টে খেলার পক্ষে। দেশটির রাজনীতিবিদরা মনে করছেন, ট্রাম্পের এই 'একতরফা' আচরণের বিরুদ্ধে খেলা বর্জন করাই হতে পারে সবচেয়ে বড় কূটনৈতিক বার্তা।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো আসেনি। জার্মানি শেষ পর্যন্ত অংশ নেবে কি না, তা নির্ভর করছে ফুটবল ফেডারেশনের (ডিএফবি) চূড়ান্ত সিদ্ধান্তের ওপর। যদি যুক্তরাষ্ট্র সত্যিই গ্রিনল্যান্ড দখলের জন্য সামরিক শক্তি প্রয়োগের চেষ্টা করে, তবে ইউরোপের আরও কয়েকটি বড় দেশ জার্মানির পথে হাঁটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।