খেলা
কোয়ার্টার ফাইনালে নরওয়ে
হালান্ডের জোড়া গোলে ব্রাজিলের বিদায়, থেমে গেল ‘মিশন হেক্সা’
ফিফা বিশ্বকাপের শেষ ষোলো পর্বে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে চমক দেখিয়েছে নরওয়ে। ভাইকিংসদের হয়ে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেন আর্লিং হালান্ড। এতে ৩৬ বছর পর আবারও রাউন্ড অব সিক্সটিন থেকেই বিদায় নিতে হলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। সেই সঙ্গে ব্রাজিলের বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন ‘মিশন হেক্সা’ আরেকবার ব্যর্থ হলো।
রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হয় ম্যাচটি।
ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে ছিল ব্রাজিল। বেশ কয়েকটি সুযোগও তৈরি করে সেলেসাওরা। তবে ১৪ মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন ব্রুনো গিমারাইস।
৪০তম মিনিটে নরওয়েকে নিশ্চিত বিপদ থেকে বাঁচান গোলরক্ষক ওরইয়ান নিল্যান্ড। বক্সে বল হারানোর পর ভিনিসিয়ুস জুনিয়রের শক্তিশালী শট দারুণ দক্ষতায় ঠেকান তিনি। প্রথমার্ধের শেষদিকে নরওয়ের আক্রমণ প্রতিহত করে ব্রাজিলকে রক্ষা করেন গোলরক্ষক অ্যালিসন বেকার। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতির পর আক্রমণের গতি বাড়ায় উভয় দল। ম্যাচের ৭০ মিনিটে মাঠে নামেন নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তি দ্বিতীয়ার্ধে রায়ান ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে তুলে নিয়ে নেইমার ও দানিলোকে নামান।
অন্যদিকে নরওয়েও দলে পরিবর্তন আনে। আলেক্সান্দার সরলথ ও আন্তোনিও নুসার জায়গায় মাঠে নামেন অস্কার বব ও আন্দ্রেয়াস শেলদেরুপ।
হাইড্রেশন ব্রেকের পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় নরওয়ে। ৭৯তম মিনিটে দুর্দান্ত হেডে গোল করে দলকে এগিয়ে দেন আর্লিং হালান্ড। নির্ধারিত সময় শেষ হওয়ার এক মিনিট আগে আবারও ব্রাজিলের রক্ষণভাগ ভেদ করে দ্বিতীয় গোল করেন তিনি।
শেষ দিকে ব্রাজিল চেষ্টা চালালেও প্রতিপক্ষের শক্ত রক্ষণে তা ব্যর্থ হয়। অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে একটি গোল শোধ করেন নেইমার জুনিয়র, যা কেবল ব্যবধানই কমায়।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় নরওয়ে। শেষ আটে তারা মুখোমুখি হবে মেক্সিকো ও ইংল্যান্ডের ম্যাচের জয়ী দলের। আগামী শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ৩টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।