খেলা

রেকর্ড ট্রান্সফার ফি'তে চেলসিতে রজার্স, তবুও সবার উপরে নেইমার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ পিএম

রেকর্ড ট্রান্সফার ফি'তে চেলসিতে রজার্স, তবুও সবার উপরে নেইমার
ছবি: সংগৃহীত

ইউরোপীয় ফুটবলের ট্রান্সফার বাজারে আবারও নতুন ইতিহাস গড়েছে চেলসি। ক্লাবটি অ্যাস্টন ভিলা থেকে তরুণ ইংলিশ মিডফিল্ডার মরগান রজার্সকে দলে ভেড়াতে খরচ করছে রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ড। ইতোমধ্যেই দুই ক্লাবের মধ্যে চুক্তিটি চূড়ান্ত হয়েছে।

এই বিশাল অঙ্কের পুরোটা ট্রান্সফার ফি হিসেবেই ব্যয় করছে চেলসি। ফলে রজার্স এখন যৌথভাবে ইতিহাসের সবচেয়ে দামি ইংলিশ ফুটবলারদের একজন এবং ফুটবল ইতিহাসের অন্যতম ব্যয়বহুল খেলোয়াড় হিসেবে জায়গা করে নিয়েছেন।

চলতি গ্রীষ্মে বড় অঙ্কের আরেকটি চুক্তিও দেখেছিল ফুটবল বিশ্ব। নটিংহ্যাম ফরেস্ট থেকে ম্যানচেস্টার সিটিতে ১১৬ মিলিয়ন পাউন্ডে যোগ দেন এলিয়ট অ্যান্ডারসন। তবে সেই রেকর্ড স্থায়ী হয়নি বেশিক্ষণ। মাত্র এক মিলিয়ন পাউন্ড বেশি খরচ করে রজার্সকে দলে ভিড়িয়ে নতুন ইতিহাস গড়েছে চেলসি।

তবে এসব বড় অঙ্কের ট্রান্সফারও এখনো অনেক দূরে রয়েছে সর্বকালের সর্বোচ্চ রেকর্ড থেকে। ২০১৭ সালে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইতে যোগ দেন নেইমার। তাকে দলে নিতে পিএসজি খরচ করেছিল অবিশ্বাস্য ২০০ মিলিয়ন পাউন্ড, যা প্রায় এক দশক পরও অক্ষত রয়েছে।

রজার্সের এই ট্রান্সফার আবারও দেখিয়ে দিল, ইউরোপীয় ফুটবলে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের মূল্য দ্রুত বাড়ছে। বিশেষ করে ইংলিশ খেলোয়াড়দের ক্ষেত্রে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অর্থ ব্যয়ে প্রস্তুত।