খেলা

নিষিদ্ধ হওয়ার পর এবার নতুন বিতর্কে জড়ালেন নেইমার 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৩:৫৬ পিএম

নিষিদ্ধ হওয়ার পর এবার নতুন বিতর্কে জড়ালেন নেইমার 
ছবি: সংগৃহীত

ব্রাজিলের লিগে শাপকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সান্তোস। নাটকীয় এই ম্যাচে জোড়া গোল করে দলকে হার এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে ড্রেসিংরুমে ঘটে যাওয়া একটি ঘটনার কারণেই এখন আলোচনায় তিনি।

ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র প্রতিবেদনে বলা হয়েছে, বিরতির সময় সান্তোসের কয়েকজন তরুণ ফুটবলারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন নেইমার। তাদের মধ্যে গ্যাব্রিয়েল বনতেম্পো ও জোয়াও আনানিয়াস ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। ক্লাবের ধারণা, এই ঘটনার প্রভাব দ্বিতীয়ার্ধে দলের খেলাতেও পড়েছিল এবং ড্রেসিংরুমের পরিবেশ আরও উত্তপ্ত হয়ে ওঠে।

বিশ্বকাপ থেকে ফেরার পর এটি ছিল নেইমারের প্রথম ম্যাচ। ৩৪ বছর বয়সী এই তারকা দুটি গোল করে দলের সমতায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। নির্ধারিত সময়ের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে সান্তোসকে হার এড়ান তিনি। তবে ম্যাচে হলুদ কার্ড দেখায় পরবর্তী এক ম্যাচে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিরতির সময় বনতেম্পোকে উদ্দেশ করে কঠোর মন্তব্য করেছিলেন নেইমার। তাকে ‘নীচ’ প্রকৃতির মানুষ বলে আখ্যা দেওয়ার পাশাপাশি আগামী মৌসুমে শাপকোয়েন্সের বিপক্ষে দ্বিতীয় বিভাগে খেলতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তরুণ এই ফুটবলারের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রসঙ্গ টেনেই এমন মন্তব্য করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

তবে নেইমারের ঘনিষ্ঠজনরা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। অন্যদিকে বনতেম্পো ও আনানিয়াস স্বীকার করেছেন যে বিরতির সময় তাদের মধ্যে প্রকাশ্যে তর্ক হয়েছিল। তবে সংবাদমাধ্যমে প্রকাশিত কটূক্তির অভিযোগ তারা সরাসরি অস্বীকার করেছেন।

ঘটনাটি নিয়ে দলের ভেতরে অস্থিরতা তৈরি হওয়ায় সান্তোস কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে। পুরো ঘটনার সত্যতা যাচাই করে ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক করা এবং আগামী ম্যাচগুলোর আগে দলের ঐক্য বজায় রাখাই ক্লাবটির প্রধান লক্ষ্য।