খেলা
বিসিবির প্রধান নির্বাচক পদে দায়িত্ব পেলেন হাবিবুল বাশার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) প্রধান নির্বাচকের পদে নতুন দায়িত্ব পেলেন সাবেক জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশার।
রোববার (২২ ফেব্রুয়ারি) বোর্ড সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সূত্র জানিয়েছে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়েছিলেন সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু। তার দুই বছরের চুক্তির মেয়াদ চলতি মাসের ২৮ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা। যদিও বোর্ড তাকে দায়িত্বে রাখতে আগ্রহী ছিল, ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আর এই পদে থাকতে অনিচ্ছা প্রকাশ করেন। ইতোমধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে বোর্ডকে চিঠি দিয়ে দায়িত্ব না চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন।
এর ফলে প্রধান নির্বাচকের পদ শূন্য হয়ে পড়লে নতুন করে দায়িত্ব পালনের জন্য হাবিবুল বাশারের নাম প্রস্তাব করা হয়। পরে পরিচালনা পর্ষদের সম্মতিতে তার নিয়োগ চূড়ান্ত হয়।
উল্লেখ্য, হাবিবুল বাশার ২০১৬ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা আট বছর বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি নারী জাতীয় দলের নির্বাচক প্যানেলেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পুরুষ দলের নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি পান তিনি।