খেলা

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:২৮ পিএম

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া 
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপের মঞ্চে ফিরে জয়ের স্বাদ পেল অস্ট্রিয়া। ১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলে নিজেদের উদ্বোধনী ম্যাচে জর্ডানকে ৩-১ গোল ব্যবধানে হারিয়েছে ইউরোপের দলটি।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নেওয়ার মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটায় অস্ট্রিয়া। বিশ্বকাপে অভিষেক হওয়া জর্ডানের বিপক্ষে ফেভারিট হিসেবেই মাঠে নেমেছিল তারা এবং শুরু থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে।

এর ফলও পায় অস্ট্রিয়া। ম্যাচের ২১তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোমানো শ্মিড। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে অস্ট্রিয়ানরা।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় জর্ডান। আক্রমণাত্মক ফুটবল খেলে ৫০তম মিনিটে সমতায় ফেরে দলটি। জর্ডানের হয়ে গোল করেন আলি ওলওয়ান।

তবে সমতায় ফিরেও ম্যাচে টিকে থাকতে পারেনি বিশ্বকাপে অভিষেক হওয়া দলটি। ৭৬তম মিনিটে আত্মঘাতী গোলে আবার পিছিয়ে পড়ে জর্ডান। এরপর ম্যাচের অন্তিম মুহূর্তে পেনাল্টি থেকে আরও একটি গোল করে জয় নিশ্চিত করে অস্ট্রিয়া।

এই জয়ে বিশ্বকাপ অভিযান দারুণভাবে শুরু করল অস্ট্রিয়া। অন্যদিকে, প্রথম ম্যাচে পরাজয়ের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে জর্ডানকে।

গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। তারা মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। অন্যদিকে জর্ডান খেলবে আলজেরিয়ার বিপক্ষে।