খেলা

নেইমারকে ঘিরে কোনো ভয় নেই, ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী স্কটিশ ডিফেন্ডার


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২ জুন ২০২৬, ১২:২৯ পিএম

নেইমারকে ঘিরে কোনো ভয় নেই, ব্রাজিলের বিপক্ষে আত্মবিশ্বাসী স্কটিশ ডিফেন্ডার
ছবিঃ সংগৃহীত

গ্রুপ পর্বের শেষ ম্যাচকে সামনে রেখে ব্রাজিলের বিপক্ষে নিজেদের আত্মবিশ্বাস প্রকাশ করেছে স্কটল্যান্ড। গ্রুপ ‘সি’-র গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগে নেইমার জুনিয়রকে নিয়ে কোনো ভয় কাজ করছে না বলে জানিয়েছেন স্কটিশ ডিফেন্ডার জ্যাক হেন্ড্রি।

রবিবার সংবাদ সম্মেলনে নেইমারকে আটকানোর পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে হেন্ড্রি স্পষ্টভাবে বলেন, ব্রাজিলিয়ান সুপারস্টারের বিপক্ষে খেলতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন এবং এই লড়াইয়ের জন্যই অপেক্ষা করছেন। তার মতে, মাঠে দুই দলের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে।

৩১ বছর বয়সী এই ডিফেন্ডার বর্তমানে সৌদি ক্লাব আল ইত্তিফাকের হয়ে খেলছেন। অতীত অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি জানান, ২০২১ সালে ক্লাব ব্রুজের হয়ে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির জার্সিতে থাকা নেইমারের বিপক্ষে খেলেছিলেন। সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল।

চোটের কারণে চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি ৩৪ বছর বয়সী নেইমার। কাফ ইনজুরিতে থাকা এই তারকা শেষ গ্রুপ ম্যাচে মাঠে ফিরতে পারেন বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

এদিকে গ্রুপ ‘সি’-র লড়াই এখন বেশ জমে উঠেছে। দুই ম্যাচ শেষে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড। নতুন ফরম্যাট অনুযায়ী, ব্রাজিলের কাছে হারলেও নকআউট পর্বে যাওয়ার সুযোগ থাকছে তাদের সামনে।

অন্যদিকে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোর চেয়ে এগিয়ে থেকে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল। একই সময়ে গ্রুপের আরেক ম্যাচে মরক্কো মুখোমুখি হবে হাইতির। ফলে গ্রুপের চূড়ান্ত সমীকরণ নির্ধারণ হবে শেষ ম্যাচগুলোর ফলাফলের ওপর।