খেলা
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড মেসিরই প্রাপ্য: রোনালদো
দীর্ঘদিন ধরে ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছিল ব্রাজিলের কিংবদন্তি রোনালদো নাজারিওর দখলে। পরে সেই রেকর্ড ভেঙে শীর্ষে ওঠেন জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। এবার ইতিহাসের নতুন অধ্যায় লিখেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আর এই কীর্তির পর ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোও স্বীকার করে নিয়েছেন, বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি সবচেয়ে বেশি মানায় মেসিকেই।
বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনার হয়ে দুটি গোল করেন মেসি। সেই জোড়া গোলেই বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৮, যা তাকে এককভাবে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে।
এর আগে ২০০২ থেকে ২০১৪ সালের চারটি বিশ্বকাপে ১৬ গোল করে শীর্ষস্থান ধরে রেখেছিলেন মিরোস্লাভ ক্লোসা। তিনি ২০০৬ সালে রোনালদোর ১৫ গোলের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছিলেন। চলতি আসরের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার পাশে পৌঁছান মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে আরও দুটি গোল করে সবার ওপরে উঠে যান আর্জেন্টাইন মহাতারকা।
মেসির এই অনন্য অর্জনের পর তাকে অভিনন্দন জানিয়েছেন ক্লোসা। একই সঙ্গে সর্বকালের সেরা ফুটবলার হিসেবেও আখ্যা দিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোও একই সুরে প্রশংসা করেছেন মেসির।
ফরাসি সংবাদমাধ্যম লে'কিপকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন,“ফুটবলের দেবতাদের কাছে এই পরিসংখ্যানই প্রমাণ করে যে সে অন্য সবার চেয়ে এগিয়ে। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি যদি কারও প্রাপ্য হয়, তবে সেটি অবশ্যই মেসির।”
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের দিন মেসির বয়স ছিল ৩৮ বছর ৩৬৩ দিন। এরপরই তিনি ৩৯ বছরে পা দিয়েছেন। এই বয়সেও দুর্দান্ত ফর্ম ধরে রাখায় মেসির প্রশংসা করতে গিয়ে নিজের ক্যারিয়ারের কথাও স্মরণ করেন রোনালদো।
হাস্যরসের সুরে তিনি বলেন, “তার বয়স ৩৮! হে ঈশ্বর! ৩৮ বছর বয়সে আমি তো চার বছর আগেই অবসর নিয়েছিলাম। তখন আমার ওজন ছিল প্রায় ১২০ কেজি!”
বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতারা
১. লিওনেল মেসি (আর্জেন্টিনা) — ১৮ গোল (২০০৬–২০২৬)
২. কিলিয়ান এমবাপে (ফ্রান্স) — ১৬ গোল (২০১৮–২০২৬)
৩. মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) — ১৬ গোল (২০০২–২০১৪)
৪. রোনালদো নাজারিও (ব্রাজিল) — ১৫ গোল (১৯৯৪–২০০৬)
৫. গার্ড মুলার (জার্মানি) — ১৪ গোল (১৯৭০–১৯৭৪)
বিশ্বকাপের ইতিহাসে একের পর এক রেকর্ড নিজের নামে লিখিয়ে লিওনেল মেসি আবারও প্রমাণ করেছেন, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে তার উত্তরাধিকার এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে।