খেলা

নেইমার ‘সমালোচকদের মুখ বন্ধ করে’ বিশ্বকাপ জেতাবে: রোনালদো 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১২:১৭ পিএম

নেইমার ‘সমালোচকদের মুখ বন্ধ করে’ বিশ্বকাপ জেতাবে: রোনালদো 
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপে দীর্ঘদিন পর ব্রাজিল দলে ফেরা নেইমারকে নিয়ে দারুণ আশাবাদী দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তার বিশ্বাস, নকআউট পর্বে সুযোগ পেলে নেইমারই হতে পারেন ব্রাজিলের সবচেয়ে বড় ম্যাচজয়ী অস্ত্র এবং দুর্দান্ত পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দেবেন।

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে মাঠে নামার আগে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-কে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো বলেন, বর্তমান ব্রাজিল দলে নেইমারের মতো ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার সামর্থ্য আর কোনো ফুটবলারের নেই।

প্রায় তিন বছর আগে জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে এসিএল চোটে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। পুনর্বাসন শেষে এবারের বিশ্বকাপ দলে ফিরলেও হ্যামস্ট্রিং সমস্যার কারণে প্রথম দুই ম্যাচ খেলতে পারেননি। তবে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে নেমে প্রায় ৯৮১ দিন পর আবারও ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরেন তিনি। সেই ম্যাচে খেলেই জালমা সান্তোস, কাফু ও পেলের পর ব্রাজিলের চতুর্থ ফুটবলার হিসেবে চারটি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়েন নেইমার।

রোনালদো বলেন, ‘নেইমারই এই দলের সবচেয়ে বড় ম্যাচ উইনার। সে এখন পুরোপুরি ফিট এবং চিকিৎসকদের ছাড়পত্রও পেয়েছে। তাই তাকে ব্যবহার করার সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আমি বিশ্বাস করি, মাঠে নেমেই সে সব সমালোচকের মুখ বন্ধ করে দিতে পারবে।’

২০০২ বিশ্বকাপে ভয়াবহ চোট কাটিয়ে ফিরে ব্রাজিলকে শিরোপা জেতানো রোনালদো নিজের অভিজ্ঞতার কথাও স্মরণ করেন। তিনি বলেন, ‘আমিও এমন প্রত্যাবর্তনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি। তাই নেইমারের জন্য আমি ভীষণ রোমাঞ্চিত। ৩৪ বছর বয়সে তার প্রতিভা নিয়ে আর কিছু প্রমাণ করার নেই। তবু আমি চাই, সে দুর্দান্ত পারফরম্যান্স করে সবাইকে ভুল প্রমাণ করুক।’

যদিও এবারের বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণভাগে সবচেয়ে উজ্জ্বল পারফরমার ভিনিসিয়ুস জুনিয়র। চার গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে রয়েছেন। তবুও রোনালদোর বিশ্বাস, নকআউট পর্বে নেইমারের অভিজ্ঞতা, নেতৃত্ব ও সৃজনশীলতাই ব্রাজিলকে অনেক দূর এগিয়ে নিতে পারে।

একই সঙ্গে তিনি বলেন, ফ্রান্স, আর্জেন্টিনা, স্পেন ও জার্মানি শিরোপার অন্যতম দাবিদার হলেও ব্রাজিলের সামর্থ্য নিয়ে তার কোনো সন্দেহ নেই। আর সেই স্বপ্নপূরণে নেইমারই হতে পারেন সেলেসাওদের সবচেয়ে বড় ভরসা।