খেলা

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম

মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের 
ছবিঃ সংগৃহীত

বিশ্বসেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসিকে সর্বোচ্চ সম্মান করলেও মাঠের লড়াইয়ে কোনো ছাড় দিতে রাজি নয় আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই ইতিহাস গড়া দেশটি এবার শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ম্যাচের আগে দারুণ আত্মবিশ্বাস দেখিয়ে কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস ভবিষ্যদ্বাণী করেছেন, তার দল ১-০ গোলে হারাবে আর্জেন্টিনাকে।

আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই লড়াই। নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচকে ঘিরে কেপ ভার্দেজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ। সেই আবহেই প্রেসিডেন্ট নেভেস দৃঢ় কণ্ঠে বলেন, ‘আমরা ১-০ গোলে জিতব।’ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার আরও বড় চমক দেখানোর স্বপ্ন দেখছে আফ্রিকার ক্ষুদ্র এই দেশটি।

বিশ্বকাপের অভিষেক আসরেই কঠিন গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নেয় কেপ ভার্দে। উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে নিয়ে গঠিত শক্তিশালী গ্রুপে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে নকআউট নিশ্চিত করে তারা। তাই বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও ভয় নয়, বরং আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে চায় দলটি। তাদের বিশ্বাস, হারানোর কিছু নেই; বরং ইতিহাস গড়ার সুবর্ণ সুযোগ অপেক্ষা করছে সামনে।

তবে প্রতিদ্বন্দ্বিতার উত্তাপের মাঝেও মেসির প্রতি তাদের শ্রদ্ধার কোনো কমতি নেই। ম্যাচ শুরুর আগে কেপ ভার্দে জাতীয় দলের পক্ষ থেকে মেসিকে বিশেষ সম্মান জানিয়ে উপহার দেওয়া হবে একটি জার্সি। সেই জার্সিতে থাকবে তার নাম এবং বিখ্যাত ১০ নম্বর।

মেসিকে নিয়ে কেপ ভার্দের প্রেসিডেন্ট বলেন, ‘লিওনেল মেসি এবং আর্জেন্টিনার বিপক্ষে খেলতে পারা আমাদের জন্য বড় সম্মানের বিষয়। মেসি একজন অসাধারণ ফুটবলার। কেপ ভার্দের মানুষের কাছে তিনিই বিশ্বের সেরা। তিনি বিশ্ব ফুটবলে শ্রেষ্ঠত্ব ও পরিপূর্ণতার প্রতীক। তার বিপক্ষে মাঠে নামা আমাদের জাতীয় দলের জন্য গর্বের এবং স্মরণীয় একটি মুহূর্ত।’

মেসির প্রতি গভীর শ্রদ্ধা থাকলেও কেপ ভার্দের লক্ষ্য একটাই—বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব ফুটবলে আরেকটি ইতিহাস গড়া। ছয় লাখেরও কম জনসংখ্যার দেশটি বিশ্বাস করছে, নিজেদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মঞ্চে তারা আরও একটি রূপকথার অধ্যায় লিখতে সক্ষম হবে।