খেলা
গুরুতর ফাউল করেও কার্ড দেখেননি ওলিসে, ব্যাখ্যা দিলেন সাবেক রেফারি
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে ফ্রান্সের উইঙ্গার মাইকেল ওলিসের একটি ট্যাকলকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সম্ভাব্য লাল কার্ডের মতো গুরুতর ফাউল করেও কোনো ধরনের কার্ড দেখেননি তিনি। পরে এ নিয়ে নিজের ব্যাখ্যা দিয়েছেন সাবেক প্রিমিয়ার লিগ রেফারি মার্ক হ্যালসি।
ম্যাচের ১৪তম মিনিটে বল ছেড়ে দেওয়ার পর স্পেনের মিডফিল্ডার রদ্রির গোড়ালিতে স্টাড তুলে ট্যাকল করেন ওলিসে। আঘাতে ব্যথায় কাতরাতে দেখা যায় স্প্যানিশ তারকাকে। ঘটনাটি দেখে অনেকেই লাল কার্ডের দাবি তুললেও রেফারি শুধু ফ্রি-কিক দেন, কোনো কার্ড দেখাননি।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকের প্রশ্ন ছিল, এমন বিপজ্জনক ট্যাকলের পরও কেন শাস্তি পেলেন না বায়ার্ন মিউনিখের এই উইঙ্গার।
তবে সাবেক রেফারি মার্ক হ্যালসি মনে করেন, লাল কার্ড না দেওয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। দ্য সান-কে তিনি বলেন, "ফ্রি-কিক দেওয়া ঠিক হয়েছে। যদিও ট্যাকলটি বেপরোয়া হওয়ায় হলুদ কার্ড দেখানো যেত।"
হ্যালসি আরও ব্যাখ্যা করেন, অসতর্ক ট্যাকলে শুধু ফ্রি-কিক দেওয়া হয়। বেপরোয়া ট্যাকলে ফ্রি-কিকের পাশাপাশি হলুদ কার্ড দেখানো উচিত। আর অতিরিক্ত শক্তি প্রয়োগ করে প্রতিপক্ষের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকিতে ফেললে তবেই লাল কার্ড প্রযোজ্য।
তার মতে, ওলিসের ট্যাকল লাল কার্ডের মানদণ্ড পূরণ করেনি। তবে হলুদ কার্ড না পাওয়াটা তার জন্য সৌভাগ্যের বিষয়।
ওলিসে শাস্তি এড়িয়ে গেলেও ম্যাচে সুবিধা করতে পারেনি ফ্রান্স। প্রথমার্ধে মিকেল ওইয়ারসাবালের পেনাল্টি গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে পেদ্রো পোরোর গোল হজম করে ২-০ ব্যবধানে হেরে যায় দিদিয়ের দেশমের দল।
এই জয়ে স্পেন বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে। এখন তারা অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের।