খেলা

ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে মেসিবাহিনী 


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৮:২৯ এএম

ইংল্যান্ডকে কাঁদিয়ে বিশ্বকাপের ফাইনালে মেসিবাহিনী 
ছবিঃ সংগৃহীত

শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজের জোড়া গোলে অবিশ্বাস্য জয় তুলে নেয় লিওনেল স্কালোনির শিষ্যরা।

 
আটলান্টা স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই দুই দলের লড়াই ছিল তীব্র। প্রথমার্ধে আক্রমণের চেয়ে শরীরী সংঘর্ষই ছিল বেশি। দুই দলের খেলোয়াড়রা একে অপরকে কোনো ছাড় দেননি।

বিরতির পর ম্যাচে গতি বাড়ে। ৪৭ মিনিটে হুলিয়ান আলভারেজের জোরালো শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ড।

এরপর ৫৫ মিনিটে এগিয়ে যায় ইংল্যান্ড। ডেকলান রাইসের সূচনা করা আক্রমণে ডান প্রান্ত থেকে মরগান রজার্সের নিখুঁত ক্রসে নাহুয়েল মোলিনাকে ফাঁকি দিয়ে অ্যান্থনি গর্ডন জালে বল পাঠিয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

গোল হজমের পর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় আর্জেন্টিনা। একের পর এক আক্রমণে ইংল্যান্ডকে চাপে রাখে আলবিসেলেস্তেরা। ৬৯ মিনিটে নিকোলাস গনসালেসের হেড অসাধারণভাবে ফিরিয়ে দেন পিকফোর্ড।

৭৩ মিনিটে রদ্রিগো ডি পলকে মাঠে নামিয়ে আক্রমণে নতুন গতি আনেন কোচ লিওনেল স্কালোনি। তিন মিনিট পর ডি পলের ক্রসে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড পোস্টে লেগে ফিরে আসে। এরপরও কয়েকবার নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা।

অবশেষে ৮৫ মিনিটে সমতায় ফেরে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। লিওনেল মেসির নেওয়া শর্ট কর্নার থেকে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন এনজো ফার্নান্দেজ।

সমতার পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে আর্জেন্টিনা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মেসির নিখুঁত ক্রসে জন স্টোনস ও রিস জেমসকে হারিয়ে শক্তিশালী হেডে জালে বল জড়ান লাউতারো মার্তিনেজ। তাতেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

শেষ মুহূর্তে মরিয়া চেষ্টা চালিয়েও সমতায় ফিরতে পারেনি ইংল্যান্ড। শেষ বাঁশি বাজতেই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।

আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। অন্যদিকে, ৮৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও শেষ সাত মিনিটে দুই গোল হজম করে আবারও শিরোপার স্বপ্ন ভাঙল থমাস টুখেলের ইংল্যান্ডের।