খেলা

ওমানে কাজাখস্তানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২০ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ১০:৪৯ এএম

ওমানে কাজাখস্তানকে হারিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২০ কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের উন্মাদনার মধ্যেই দেশের ক্রীড়াঙ্গনে বড় সুখবর এনে দিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-২০ হকি দল। ওমানে অনুষ্ঠিত এএইচএফ অনূর্ধ্ব-২০ কাপে ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার (১৮ জুলাই) রাতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দারুণ ছন্দে খেলেছে বাংলাদেশ। আক্রমণাত্মক ও নিয়ন্ত্রিত পারফরম্যান্সে কাজাখস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

বাংলাদেশে নারী হকির যাত্রা খুব বেশি দিনের না হলেও সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সাফল্য অর্জন করছে দলটি। এর আগে সিনিয়র জাতীয় নারী দল প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে এশিয়ান গেমসের বাছাইপর্বে রানার্সআপ হয়ে মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করে।

সিনিয়র দলের সেই সাফল্যের ধারাবাহিকতায় বাংলাদেশ হকি ফেডারেশন এবার এএইচএফ অনূর্ধ্ব-২০ কাপে দল পাঠানোর সিদ্ধান্ত নেয়। সেই আস্থার প্রতিদান দিয়ে পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকে শিরোপা জিতেছে বাংলাদেশের তরুণীরা। দলের বেশ কয়েকজন খেলোয়াড় ইতোমধ্যেই সিনিয়র জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন।

এদিকে, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) শনিবার ২৬টি ফেডারেশনের অ্যাডহক কমিটি পুনর্গঠন করেছে। বাংলাদেশ হকি ফেডারেশনও সেই তালিকায় রয়েছে। কমিটি পুনর্গঠনের দিনেই নারী অনূর্ধ্ব-২০ দলের এই আন্তর্জাতিক সাফল্য নতুন কমিটির জন্য ইতিবাচক সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এটি বিদায়ী কমিটির সময়কার অন্যতম বড় অর্জন হিসেবেও যুক্ত হলো বাংলাদেশের হকির ইতিহাসে।