ক্যাম্পাস

ইডেনে মাদক ও অশালীন আচরণের অভিযোগে ছাত্রদলকর্মী ছাত্রীকে হলত্যাগে বাধ্য করল শিক্ষার্থীরা


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম

ইডেনে মাদক ও অশালীন আচরণের অভিযোগে ছাত্রদলকর্মী ছাত্রীকে হলত্যাগে বাধ্য করল শিক্ষার্থীরা
সিনহা নিশাত। ছবি : সংগৃহীত

ইডেন মহিলা কলেজের প্রস্তাবিত হজরত রাবেয়া বসরী (রহ.) ছাত্রীনিবাসে বসবাসকারী এক ছাত্রীর বিরুদ্ধে মাদকসেবন ও অশালীন আচরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে তাকে অস্থায়ীভাবে হলত্যাগে বাধ্য করেন।

অভিযুক্ত শিক্ষার্থী সিনহা নিশাত, যিনি ২০২১-২২ শিক্ষাবর্ষের এবং ৮১০ নম্বর কক্ষে অবস্থান করছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, সিনহা নিশাত দীর্ঘদিন ধরে হলে অশোভন আচরণ করে আসছিলেন। অভিযোগ রয়েছে, তিনি মাঝেমধ্যে অর্ধনগ্ন অবস্থায় রুমে প্রবেশ করতেন এবং মধ্যরাতে হোস্টেলের পরিবেশ অস্থির করে তুলতেন। একাধিকবার বিষয়টি হল কর্তৃপক্ষকে জানানো হলেও তেমন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। গত ১৫ জুলাই রাতে শিক্ষার্থীদের চাপের মুখে তাকে তার অভিভাবকের সঙ্গে হল থেকে বাসায় পাঠানো হয়।

তবে পরদিন, অর্থাৎ ১৬ জুলাই রাতেই তিনি আবার হলে ফিরে আসেন এবং ফের ঘটান এক বিব্রতকর ঘটনা। শিক্ষার্থীরা জানান, ওই রাতেই তিনি গোসল শেষে জামাকাপড় না পরে রুমে ঢোকেন, যা দেখে রুমমেটরা আতঙ্কিত হয়ে পড়েন এবং পাশের কক্ষের শিক্ষার্থীদের ডেকে আনেন। পরে উপস্থিত ছাত্রীরা তাকে জামাকাপড় পরতে সহায়তা করেন।

এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো ছাত্রীনিবাস। শিক্ষার্থীরা তার বিরুদ্ধে ফের প্রতিবাদ শুরু করেন। হোস্টেল সুপার আসমা সুলতানা জানান, শিক্ষার্থীরা অভিযোগ করেছে, সিনহা নিশাত মাদকাসক্ত এবং তার আচরণ অশালীন। সেই সঙ্গে তারা দাবি করেছে, তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ায় তারা তাকে হলে রাখতে অনিচ্ছুক। অভিভাবক ডেকে তাকে বাসায় পাঠানো হয়েছিল, কিন্তু পরদিন সে আবার হলে ফিরে আসে। এরপর শিক্ষার্থীদের দাবি মেনে তাকে পুনরায় হলত্যাগে বাধ্য করা হয়।

সিদরাতুল মুনতাহা নামে এক শিক্ষার্থী বলেন, “তিনি ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়। মাঝেমধ্যে রাতে মিছিল শেষে হলে ফিরে আসেন। আমরা বহুদিন ধরে তার অশোভন আচরণ দেখে আসছি। আজও তাকে গোসল শেষে জামাকাপড় ছাড়া রুমে প্রবেশ করতে দেখা গেছে। বিষয়টি সুপার ম্যামকে জানানো হলেও প্রথমে গুরুত্ব দেওয়া হয়নি।”

বর্তমানে সিনহা নিশাত ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

তবে অভিযোগ অস্বীকার করে সিনহা নিশাত বলেন, “আমি ছাত্রদল করি বলেই আমাকে টার্গেট করা হয়েছে। কেউ আমাকে থাকতে দিচ্ছে না। মাদক সেবনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি গজব খাব যদি এমন কিছু করে থাকি। আমি খুব শিগগিরই ড্রাগ টেস্ট করিয়ে রিপোর্ট প্রকাশ করব। মাত্র দুই দিনের মধ্যেই প্রমাণ করে দেব, আমি কোনো দিন ড্রাগ গ্রহণ করিনি।”

এ ঘটনায় এখনো পর্যন্ত কলেজ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।