ক্যাম্পাস

জাকসু নির্বাচনের ফল ঘোষণায় সময় নিচ্ছে নির্বাচন কমিশন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম

জাকসু নির্বাচনের ফল ঘোষণায় সময় নিচ্ছে নির্বাচন কমিশন
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত চূড়ান্ত ফল প্রকাশ করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানান, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশ করা যেতে পারে। তিনি বলেন, “প্রাথমিকভাবে যেসব কারণে ভোট গণনায় দেরি হয়েছিল, সেগুলো কাটিয়ে উঠতে পেরেছি। আশা করছি বিকেল নাগাদ হলের ভোট গণনা শেষ করতে পারব। রাত ১১টার মধ্যে সম্পূর্ণ ফল ঘোষণা সম্ভব হবে।”

ভোট গণনায় দেরির কারণ ব্যাখ্যা করে তিনি জানান, ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনার প্রস্তুতি থাকলেও বেশ কয়েকজন প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে হাতে গণনার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সময় বেশি লাগছে। এছাড়া বৃহস্পতিবার সকাল ৯টায় ভোট শুরুর কথা থাকলেও দু’একটি হলে দেরি হয়, আবার কয়েকটি হলে ভোট সাময়িকভাবে স্থগিত থাকে। বিশেষ করে দুইটি বড় হলে দুপুর পর্যন্ত ভোটের হার খুবই কম ছিল। পরে বিকেল সাড়ে চারটার পর হঠাৎ ভোটারদের ভিড় বাড়ে। নিয়ম অনুযায়ী সবাইকে ভোট দেওয়ার সুযোগ দেওয়ায় ওই কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স কমিশনে পৌঁছাতে রাত সাড়ে ৯টা বেজে যায়। সব ব্যালট বাক্স আসার পরেই গণনা শুরু হওয়ায় রাত ১০টার দিকে কাজ শুরু করা সম্ভব হয়।

রাশিদুল আলম আরও জানান, হাতে গণনার জন্য কমিশনের পর্যাপ্ত প্রস্তুতি না থাকায় শুরুতে ভোট গণনা খুব ধীরগতিতে চলছিল। তবে পরে গতি বেড়েছে এবং শুক্রবার দুপুর পর্যন্ত ২১টি কেন্দ্রের মধ্যে ১৭টির গণনা শেষ হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন।