ক্যাম্পাস
বেকারত্বে ছেড়ে গিয়েছিল প্রেমিকা, সেই শাহীন এখন বিসিএস ক্যাডার
বেকারত্বের কারণে একসময় প্রেমিকা ছেড়ে গিয়েছিল তাকে। কিন্তু এখন তিনি দেশের সেরা মেধাবীদের একজন—৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী শাহীন আলম।
ময়মনসিংহ জেলার তারাকান্দায় জন্ম নেওয়া শাহীন আলম তারাকান্দা এম.এল. উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও তারাকান্দা বঙ্গবন্ধু কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন। বাবা-মা দুজনেই মারা যাওয়ার পর বড় ভাইয়ের সহায়তায় টিউশন করে নিজের পড়াশোনা চালিয়ে যান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১২–১৩ সেশনের শিক্ষার্থী এবং হাজী মুহাম্মদ মুহসিন হলের আবাসিক ছাত্র ছিলেন শাহীন।
জানা গেছে, ২০২১ সালে বেকারত্বের কারণে তার প্রেমিকা সম্পর্ক ছিন্ন করেন। অভিমানে প্রেমিকার ফেরত দেওয়া উপহারগুলো পুড়িয়ে সেই ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে আপলোডও করেছিলেন শাহীন।
বিসিএসে উত্তীর্ণ হওয়ার পর অনুভূতি প্রকাশ করে শাহীন বলেন, “আল্লাহর কাছে অসীম শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছি। আমার বড় ভাইয়ের অবদানই সবচেয়ে বেশি-তার সাহায্য ছাড়া আজ আমি এতদূর আসতে পারতাম না।”
তিনি আরও বলেন, “বাবা-মা বেঁচে না থাকায় বড় বোনের বাড়িতে থেকে পড়াশোনা করেছি। বড় বোন ও দুলাভাই আমার সাফল্যের বড় অংশীদার।”