ক্যাম্পাস
ইসলাম গ্রহণ করে ছাত্রীকে বিয়ে করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চীনা শিক্ষক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নবাব ফয়জুন্নেসা হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সুমাইয়া আক্তার বিয়ে করেছেন একই বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ঝিহুয়া ঝাংকে। গত ১৪ জুলাই একটি সাদামাটা আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেই বিষয়টি নিশ্চিত করেন সুমাইয়া।
সুমাইয়া আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ক্যাম্পাসের বাইরে টিউশনি খোঁজার ঝামেলা এড়িয়ে বিশ্ববিদ্যালয় এলাকায় পিঠা বিক্রি করে আলোচনায় আসেন তিনি। উদ্যোগটি তাকে পরিচিতি এনে দেয়। পরে গত বছরের ১৫ অক্টোবর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে নবাব ফয়জুন্নেসা হল থেকে এজিএস পদে নির্বাচিত হন।
অন্যদিকে, ঝিহুয়া ঝাং চীনের শানদং প্রদেশের রাজধানী জিনান শহরের বাসিন্দা। তিনি শানদং বিশ্ববিদ্যালয়ের তাইশান ডিস্টিংগুইশড প্রফেসর হিসেবে কর্মরত। গত বছরের জুন মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসেবে যোগ দেন তিনি। এর আগে তিনি বেইজিং নরমাল বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন অধ্যাপক এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিয়ের বিষয়ে জানিয়ে সুমাইয়া বলেন, প্রফেসর ঝিহুয়া ঝাং বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পাশাপাশি তাদের এই ব্যক্তিগত সিদ্ধান্তকে সম্মান জানানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।