রাজধানী
রাজধানীতে ড্রাম থেকে উদ্ধার খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে
রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণের পাশে জাতীয় ঈদগাহের সামনে থেকে ড্রামের ভেতরে উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম আশরাফুল হক (৪২)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহের আঙুলের ছাপের মাধ্যমে আশরাফুল হকের পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাবার নাম মো. আব্দুর রশিদ এবং মায়ের নাম এছরা বেগম। তিনি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের বাসিন্দা।
ওসি খালিদ মনসুর বলেন, “সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন সড়কে নীল রঙের দুটি ড্রাম দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে ড্রামগুলো খুলে এক ব্যক্তির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল।”
তিনি আরও জানান, ড্রাম দুটির ভেতরে চাল ভরা ছিল এবং মরদেহটি কালো পলিথিনে মোড়ানো ছিল। ধারণা করা হচ্ছে, দু’এক দিন আগে হত্যা করে মরদেহ খণ্ডিত করে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
প্রাথমিকভাবে দেখা গেছে, মরদেহের গলা থেকে পা পর্যন্ত অংশ আলাদা করা হয়েছে এবং নিহতের মুখে দাড়ি রয়েছে।