রাজধানী
ঢাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের আরও ২৫ নেতাকর্মী গ্রেপ্তার
রাজধানীতে নাশকতার পরিকল্পনা, ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ২৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার ডিএমপির উপকমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলার রায় ঘিরে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা।
সকালের দিকে সুপ্রিম কোর্ট এলাকা থেকে ট্রাইব্যুনাল চত্বর পর্যন্ত যৌথবাহিনীর সদস্যদের কড়া অবস্থান লক্ষ্য করা যায়। পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী টহল জোরদার করেছে।
সরেজমিনে দেখা গেছে, সুপ্রিম কোর্টের সামনে ও আশপাশে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। মাজার গেটের সামনে সেনা সদস্যদেরও টহল দিতে দেখা গেছে। ট্রাইব্যুনালের ভেতরে–বাইরে র্যাব, পুলিশ ও অন্যান্য ইউনিটের সদস্যরা টহল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন।
১৭ নভেম্বর মামলার রায় ঘোষণার দিনের আগে থেকেই পুরো এলাকা কার্যত উচ্চসতর্কতায় রাখা হয়েছে।
গত ১৩ নভেম্বর আদালত ১৭ নভেম্বর রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনও আসামি ছিলেন। তবে তিনি রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে জবানবন্দি দেওয়ায় প্রসিকিউশন যুক্তিতর্কে শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ শাস্তি দাবির কথা জানালেও, মামুনের বিষয়ে সিদ্ধান্ত ট্রাইব্যুনালের বিবেচনার ওপর ছেড়ে দিয়েছে।
রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী রাজধানীজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে, এবং সম্ভাব্য কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে।