রাজধানী

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার পটুয়াখালী থেকে গ্রেফতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০৩:১৯ পিএম

মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসার পটুয়াখালী থেকে গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ মোল্লা কাউসার (২৫) কে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৮ ও র‍্যাব-২ এর একটি যৌথ দল পটুয়াখালী সদর উপজেলার মুসলিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, কাউসার মোহাম্মদপুর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার এক নম্বর এজাহারভুক্ত আসামি। তিনি পটুয়াখালীর বড় বিঘাই ইউনিয়নের কেউয়াবুনিয়া এলাকার বাসিন্দা শানু ওরফে মামুন মৃধার ছেলে। তবে দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় বসবাস করছিলেন।

অভিযোগ রয়েছে, কাউসার ওই এলাকায় একটি মাদক স্পট নিয়ন্ত্রণ করতেন। গত ২১ ফেব্রুয়ারি ভুক্তভোগী ও তার কয়েকজন বন্ধু মিলে ওই মাদক স্পটটি বন্ধ করে দিলে ক্ষিপ্ত হয়ে ওঠেন কাউসার ও তার সহযোগীরা। এর জেরে মোহাম্মদপুরের বসিলা রোড এলাকায় ভুক্তভোগীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় কাউসার বাহিনী। এতে কয়েকজন গুরুতর আহত হন।

ঘটনার পর মোহাম্মদপুর থানায় মামলা দায়ের হলে কাউসার আত্মগোপনে চলে যান এবং পরে পটুয়াখালীতে গিয়ে লুকিয়ে থাকেন।

র‍্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ জানান, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে অভিযুক্ত কাউসার বারবার অবস্থান পরিবর্তন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মুসলিমপাড়া এলাকায় তার অবস্থান নিশ্চিত করে মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় র‍্যাব-২ এর সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।