রাজধানী

রাজধানীতে বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি, পথচারী নারীসহ আহত ২


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১১:৫১ পিএম

রাজধানীতে বিএনপি নেতাকে এলোপাতাড়ি গুলি, পথচারী নারীসহ আহত ২
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলির ঘটনায় বিএনপির এক নেতা ও এক পথচারী নারী আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে মিরপুর-১১ নম্বরের পল্লবী থানার মিল্লাত ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আলমগীর হোসেন (৪৫) নবাবগঞ্জ থানা বিএনপির সদস্য বলে স্বজনরা জানিয়েছেন। তিনি মিরপুর-১১ নম্বর সেকশনের ৩ নম্বর রোডে পরিবারসহ বসবাস করতেন এবং পেশায় মাছ ব্যবসায়ী। তার বাবার নাম আব্দুর রাজ্জাক।

আহতের চাচা আশিক জানান, বিকেলে মিল্লাত ক্যাম্প এলাকার একটি দোকানে চা পান করার সময় একটি প্রাইভেটকারে এসে চারজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে আলমগীর গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, আলমগীরের মাথার ডান পাশে, পেটের ডান পাশে এবং ডান নিতম্বে গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান বশীর জানান, দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি ছুড়েছে। এতে আলমগীরের পাশাপাশি এক পথচারী নারীও আহত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।