রাজধানী

মোহাম্মদপুরে সক্রিয় কোনো ‘কিশোর গ্যাং’ নেই: দাবি র‌্যাবের


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৭:৫১ পিএম

মোহাম্মদপুরে সক্রিয় কোনো ‘কিশোর গ্যাং’ নেই: দাবি র‌্যাবের
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরকে গডফাদার ও সন্ত্রাসী তৎপরতামুক্ত করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বাহিনীটির দাবি, অভিযানের মাধ্যমে কিশোর গ্যাংগুলোকে নির্মূল করা হয়েছে। বর্তমানে মোহাম্মদপুরে কোনো কিশোর গ্যাং সক্রিয় নেই।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নয়মুল হাসান বলেন, গডফাদারদের গ্রেপ্তারে গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে নিচের সারির সদস্য বা ছোটখাটো গ্রুপগুলোর বিরুদ্ধে ব্যাপকভাবে অভিযান চালানো হচ্ছে না। গডফাদারদের গ্রেপ্তারের ফলে মোহাম্মদপুর আগের তুলনায় অনেকটাই স্থিতিশীল হয়েছে।

তিনি বলেন, অদূর ভবিষ্যতে মোহাম্মদপুর আরও নিরাপদ ও বসবাসের উপযোগী হবে বলে আশা করা হচ্ছে। মোহাম্মদপুরকে ‘সিটি অব গডস’ হিসেবে যে ধারণা তৈরি হয়েছে, সেটি বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। এই ধারণা থেকে এলাকাটিকে বের করে আনার চেষ্টা চলছে এবং এরই মধ্যে অনেকটা সফলতা এসেছে।

র‌্যাবের এই কর্মকর্তা আরও বলেন, নিকট ভবিষ্যতে মোহাম্মদপুর থেকে গ্যাং ও সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল করা সম্ভব হবে বলে তারা আশাবাদী। একইভাবে রাজধানীর অন্যান্য এলাকাকেও নিরাপদ ও অপরাধমুক্ত করার চেষ্টা চলছে।

অ্যালেক্স ইমন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার প্রসঙ্গে নয়মুল হাসান বলেন, তদন্তে সহায়তার জন্য গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে। গ্রেপ্তারের পর তদন্তকারী কর্মকর্তা আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে হত্যাকাণ্ডের কারণ এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

তিনি বলেন, যেহেতু র‌্যাব সরাসরি ওই মামলার তদন্ত করছে না, তাই হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য থানা পুলিশই দিতে পারবে।