রাজধানী
ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী
নারীদের জন্য ঢাকার গণপরিবহনে বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। গোলাপি রঙের এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা।
আগামী মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিসের উদ্বোধন করা হবে। উদ্বোধনের পর প্রথম দিন বিকেলে যাত্রী পাওয়া সাপেক্ষে বাস চলবে। পরদিন বুধবার (১৯ আগস্ট) থেকে নির্ধারিত রুটে পূর্ণাঙ্গভাবে ‘মহিলা বাস সার্ভিস’ চালু হওয়ার কথা রয়েছে।
বিআরটিসি সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন রুটে ১০টি বাস চলাচল করবে। ঢাকার বাইরে বগুড়ায় দুটি এবং চট্টগ্রামে দুটি বাসসহ আরও চারটি বাস এই সেবায় যুক্ত হবে। যাত্রী চাহিদা বাড়লে ভবিষ্যতে বাসের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
রাজধানীতে প্রাথমিকভাবে যেসব রুটে বাস চলবে—
নতুন বাজার (কোকাকোলা)-মতিঝিল
তালতলা-মতিঝিল
ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও
মিরপুর-১০-মতিঝিল
মিরপুর-মতিঝিল
মিরপুর-১২-মতিঝিল
মোহাম্মদপুর-মতিঝিল
আব্দুল্লাহপুর-মতিঝিল
গাজীপুর-বিমানবন্দর
এর মধ্যে নতুন বাজার-মতিঝিল রুটে নতুন বাজার, বাড্ডা, রামপুরা, মালিবাগ, কাকরাইল, পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে।
মিরপুর-১০-মতিঝিল রুটে মিরপুর-১০, টেকনিক্যাল, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, কলাবাগান, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে যাবে বাস। মোহাম্মদপুর-মতিঝিল রুটে মোহাম্মদপুর, ধানমন্ডি, নিউ মার্কেট, শাহবাগ ও পল্টন হয়ে মতিঝিলে চলাচল করবে।
এ ছাড়া আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে বিমানবন্দর, খিলক্ষেত, কুড়িল, বনানী, মহাখালী, ফার্মগেট, শাহবাগ ও গুলিস্তান হয়ে মতিঝিল পর্যন্ত বাস চলবে।
ঢাকার বাইরে বগুড়ার শেরপুর-মাটিডালি রুটে দুটি এবং চট্টগ্রামের কালুরঘাট-পতেঙ্গা রুটে দুটি বাস চলাচল করবে।
বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা জানান, নারীদের জন্য চালু হতে যাওয়া এই বিশেষ সার্ভিসে চালক ও কন্ডাক্টর—দুই পদেই নারী কর্মীরা দায়িত্ব পালন করবেন।
বিআরটিসির ভাষ্য, নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ গণপরিবহন নিশ্চিত করার পাশাপাশি এই উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতে নারীদের কর্মসংস্থান ও অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হবে। এটি বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই চালু করা হচ্ছে।