অপরাধ
অস্ত্রসহ চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ বুইস্যা গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত শহিদুল ইসলাম বুইস্যা (২৮)কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৭ (র্যাব)। শনিবার রাত সাড়ে ৯টার দিকে বহদ্দারহাটের পাঁচলাইশ থানার ফিনলে সাউথ সিটির সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের সময় বুইস্যার কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং নয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। র্যাবের তথ্য অনুযায়ী, বুইস্যার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় ছিনতাই, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ অন্তত ৪২টি মামলা রয়েছে। এর আগে তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানায়, সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অভিযানে বুইস্যাকে থামানোর সংকেত দেওয়া হলে, তিনি গুলি ছোড়ার চেষ্টা করেন। এ সময় র্যাব তার আগ্রাসন রোধ করে তাকে আটক করে।
বুইস্যার নেতৃত্বে নগরের চান্দগাঁও-পাঁচলাইশ এলাকায় একটি ৩০ সদস্যের সক্রিয় সন্ত্রাসী বাহিনী রয়েছে। এই বাহিনী চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার গোষ্ঠী একটি ভবনের ফ্ল্যাটকে ‘টর্চার সেল’ হিসেবে ব্যবহার করত, যেখানে গত ২১ জুলাই অভিযান চালিয়ে ১১ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছিল।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বুইস্যার অপরাধজগতে হাতেখড়ি হয় চুরি ও ছিনতাই দিয়ে, পরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নিজস্ব বাহিনী গড়ে তোলে। তার সহযোগীদের কাছ থেকে ১৩টি আগ্নেয়াস্ত্র, ১৩টি ম্যাগাজিন এবং ৫৮টি বুলেটও উদ্ধার করা হয়।