অর্থনীতি

সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের পোশাক সংক্রান্ত নির্দেশনাটি প্রত্যাহার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৪:০৩ পিএম

সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের পোশাক সংক্রান্ত নির্দেশনাটি প্রত্যাহার
ফাইল ছবি

কর্মীদের পোশাক সংক্রান্ত আলোচিত নির্দেশনা অবশেষে প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি জানান, “বাংলাদেশ ব্যাংকের কয়েকটি বিভাগীয় সভায় সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় শালীন পোশাক পরিধানের বিষয়ে কিছু আলোচনা হয়েছিল। এটি কেবল প্রস্তাবনা পর্যায়ের অভ্যন্তরীণ পরামর্শ ছিল, কোনো বাধ্যতামূলক নীতিমালা নয়।”

তবে গণমাধ্যমে নির্দেশনার খবর প্রকাশিত হওয়ার পর তা বিদেশে অবস্থানরত গভর্নর আব্দুর রউফ তালুকদারের নজরে আসে। তিনি এতে অসন্তোষ প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট বিষয়টি সম্পূর্ণভাবে প্রত্যাহারের নির্দেশ দেন।

আরিফ হোসেন খান আরও জানান, “ভবিষ্যতে যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা নির্ধারিত প্রক্রিয়ায় আনুষ্ঠানিক সার্কুলার আকারে প্রকাশ করা হবে।”

এর আগে, ২৩ জুলাই রাতে একটি অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংকের মানবসম্পদ বিভাগ থেকে ২১ জুলাই জারি করা একটি সার্কুলারে নারী কর্মীদের ছোট হাতা, স্বল্প দৈর্ঘ্যের পোশাক ও লেগিংস পরা নিরুৎসাহিত করা হয়েছে। বরং শাড়ি, সালোয়ার-কামিজ ও ওড়না—এ ধরনের শালীন পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া, ফরমাল স্যান্ডেল বা জুতা এবং সাদামাটা হিজাব বা হেডস্কার্ফ পরার কথাও সেখানে উল্লেখ ছিল।

প্রতিবেদনটি প্রকাশের পরই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়। সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংক পরবর্তীতে ব্যাখ্যা দেয় যে, সার্কুলারটি ছিল কেবল ‘পরামর্শমূলক’ এবং এতে কারও ব্যক্তিগত স্বাধীনতা হস্তক্ষেপ করার উদ্দেশ্য ছিল না।