অর্থনীতি
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার অবশেষে বাজেয়াপ্ত
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) মাধ্যমে পাচার হওয়া ৮১ মিলিয়ন ডলার অবশেষে বাজেয়াপ্ত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। তিনি জানান, আদালতের মাধ্যমে সিআইডি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় এই অর্থ বাজেয়াপ্ত করে।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল রিজার্ভ ব্যাংকে রাখা বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ১০১ মিলিয়ন ডলার চুরি হয়। হ্যাকাররা জাল সুইফট বার্তার মাধ্যমে এই অর্থ সরিয়ে নেয়। এর মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো প্রায় ২০ মিলিয়ন ডলার সন্দেহজনক লেনদেন হিসেবে ধরা পড়ায় ফেরত আসে। তবে বাকি ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের রাজধানী মাকাতি সিটির আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার একাধিক ভুয়া হিসাবে জমা হয়।
এরপর দ্রুত সেই অর্থ ফিলিপাইনের বিভিন্ন ক্যাসিনোর মাধ্যমে পাচার করা হয়, যা ইতিহাসের অন্যতম বড় আন্তর্জাতিক সাইবার ডাকাতি হিসেবে পরিচিতি পায়। ঘটনায় বাংলাদেশ ব্যাংক মামলা দায়ের করে এবং আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত শুরু হয়।
পরে ফিলিপাইনের আদালতে আরসিবিসি ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক মায়া ডিগুইটোকে মানি লন্ডারিংয়ের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়ার পর অবশেষে চুরি হওয়া অর্থের একটি বড় অংশ, অর্থাৎ ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত হলো, যা বাংলাদেশের জন্য একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।