শিক্ষা
চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে এইচএসসি পরীক্ষা হবে নির্ধারিত সময়েই
চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জলাবদ্ধতা ও পাহাড়ধসের কারণে চট্টগ্রাম বোর্ডের আওতাধীন ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার নতুন সময়সূচি পরে ঘোষণা করা হবে।
এর আগে বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়।
এবার দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ শিক্ষার্থীর পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৩৬ শতাংশ অংশ নিচ্ছেন।
মোট ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নকল প্রতিরোধ ও স্বচ্ছতা নিশ্চিত করতে সব কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। এছাড়া প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কাছে বডি-ওয়ার্ন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণের জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে, যেখান থেকে দেশের বিভিন্ন পরীক্ষাকেন্দ্রের কার্যক্রম তদারকি করা হচ্ছে।
সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট শেষ হবে এবং ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (ভোকেশনাল) তাত্ত্বিক পরীক্ষা ২৫ জুলাই, বিএমটি তাত্ত্বিক পরীক্ষা ১ আগস্ট এবং ডিপ্লোমা ইন কমার্সের তাত্ত্বিক পরীক্ষা ২২ জুলাই পর্যন্ত চলবে।
চলতি বছরে সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা ইন কমার্স ও বিএমটি মিলিয়ে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।