শিক্ষা

১১ আগস্ট থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, যেভাবে করবেন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৭:৪৭ পিএম

১১ আগস্ট থেকে এসএসসির ফল পুনঃনিরীক্ষণের আবেদন, যেভাবে করবেন
ছবি: সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর যেসব শিক্ষার্থীর ফল আশানুরূপ হয়নি, তাদের জন্য খাতা পুনঃনিরীক্ষণের সুযোগ দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে এ আবেদন করতে হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, মঙ্গলবার (১১ আগস্ট) থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে।

আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন করতে হবে। নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি আবেদন করতে পারবেন। ই-পোর্টাল ছাড়া কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না বলে জানানো হয়েছে।

আবেদনের নিয়মাবলী:

তথ্য প্রদান: পোর্টালে প্রবেশ করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে সাবমিট করতে হবে।

মোবাইল নম্বর: পরবর্তী ধাপে একটি সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনঃনিরীক্ষণের ফলাফল এই নম্বরেই বার্তার মাধ্যমে জানানো হবে।

বিষয় নির্বাচন: স্ক্রিনে বিষয়ভিত্তিক নম্বর ও ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ে পুনঃনিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করে ফি প্রদানের ধাপে যেতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করা বাধ্যতামূলক।

ফি পরিশোধ: প্রতি পত্রের জন্য ১৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিকাশ, নগদ বা সোনালী সেবার মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। বিস্তারিত নির্দেশনা পোর্টালের সহায়তা বিভাগে পাওয়া যাবে।

আবেদন জমা: ফি পরিশোধ শেষে আবেদনটি চূড়ান্তভাবে জমা দিতে হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, ফি জমা দেওয়ার পর আবেদন আর সংশোধন করা যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরতযোগ্য নয়। তবে ফি দেওয়ার আগে ভুল সংশোধনের সুযোগ থাকবে। প্রয়োজনে একই প্রক্রিয়ায় নতুন বিষয় যুক্ত করা যাবে, তবে মোবাইল নম্বর অপরিবর্তিত রাখতে হবে।