বিনোদন

তৃতীয় বিয়ের খবর ফাঁস, যা বললেন আমির খান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ১১:৪৮ এএম

তৃতীয় বিয়ের খবর ফাঁস, যা বললেন আমির খান
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা আমির খান তৃতীয়বারের মতো বিয়ের প্রস্তুতির খবর প্রকাশ্যে আসায় বিস্ময় প্রকাশ করেছেন। আগামী ৫ জুলাই দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে তিনি বিয়ে করতে যাচ্ছেন বলে জানা গেছে। তবে অন্যান্য তারকাদের মতো জাঁকজমকপূর্ণ আয়োজন নয়, বরং একেবারেই ঘরোয়া ও ব্যক্তিগত পরিসরে হবে এই বিয়ে।

সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে আমির খান জানান, বিয়েটি রেজিস্ট্রির মাধ্যমে সম্পন্ন হবে এবং সেখানে শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরাই উপস্থিত থাকবেন।

বর্তমান জীবনের সময়টিকে সুখের অধ্যায় হিসেবে উল্লেখ করে গৌরী স্প্র্যাটকে নিজের জীবনের আশীর্বাদ বলে মন্তব্য করেন এই অভিনেতা।

ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত জনআগ্রহে বিরক্তি প্রকাশ করে আমির বলেন, তিনি বুঝতে পারেন না কেন মানুষ তারকার ব্যক্তিগত বিষয় নিয়ে এত কৌতূহলী। তার মতে, দর্শকদের উচিত শিল্পীদের কাজ নিয়ে বেশি আগ্রহী হওয়া, ব্যক্তিগত জীবন নয়।

তিনি আরও জানান, বিয়ের খবর কীভাবে প্রকাশ্যে এলো তা নিয়েও তিনি অবাক। তার ভাষায়, বর্তমানে কিছুই আর ব্যক্তিগত থাকে না।

আমির ও গৌরীর পরিচয় প্রায় ২৫ বছর আগের। দীর্ঘ বিরতির পর আবারও তাদের যোগাযোগ শুরু হয়, যা পরে প্রেমের সম্পর্কে রূপ নেয়।

২০২৫ সালের মার্চে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স্প্র্যাটকে গণমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেন আমির খান। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গেলেও ব্যক্তিগত সম্পর্ককে সবসময় আড়ালেই রেখেছেন তারা।

এর আগে এক সাক্ষাৎকারে গৌরীকে নিজের জীবনের সৌভাগ্য বলে উল্লেখ করেন আমির। তার সঙ্গে সম্পর্কের মাধ্যমে জীবনে মানসিক শান্তি ও নতুন পূর্ণতা এসেছে বলেও জানান তিনি।

এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন এবং ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন তিনি, যাদের বিচ্ছেদ ঘটে ২০২১ সালে। তবে তাদের সন্তান আজাদের দায়িত্ব তারা যৌথভাবে পালন করছেন।

গৌরী স্প্র্যাটেরও আগের সম্পর্ক থেকে একটি সন্তান রয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস