বিনোদন

তিন সন্তান সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:৩৬ পিএম

তিন সন্তান সঙ্গে নিয়ে তৃতীয় বিয়ে করলেন আমির খান
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খান অবশেষে দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছেন। দুই বছরেরও বেশি সময়ের প্রেমের সম্পর্কের পর রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি আমিরের আগের দুই সংসারের তিন সন্তান—জুনাইদ খান, আইরা খান ও আজাদ উপস্থিত ছিলেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আমির খানের মুখপাত্র।

এ আয়োজনে আমিরের ঘনিষ্ঠ বন্ধু ও চলচ্চিত্র নির্মাতা আশুতোষ গোয়ারিকর, অভিনেত্রী রিয়া চক্রবর্তী, এলি আবরাম, সাবেক ক্রিকেটার ইরফান পাঠান, রাজনীতিবিদ রাজ ঠাকরে এবং কৌতুকশিল্পী বীর দাসসহ বেশ কয়েকজন তারকা উপস্থিত ছিলেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা গেছে, বিয়ের শপথ বিনিময়ের পাশাপাশি নবদম্পতি একসঙ্গে নাচ ও আনন্দ উদযাপন করছেন।

জানা যায়, প্রায় ২৫ বছর আগে আমির খান ও গৌরী স্প্র্যাটের প্রথম পরিচয় হলেও ২০২৪ সালে বেঙ্গালুরুতে পুনরায় তাদের যোগাযোগ হয়। সেখান থেকেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়। দীর্ঘদিন দূরপাল্লার সম্পর্কে থাকার পর গত বছর নিজের ৬০তম জন্মদিনে গৌরীকে সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন আমির।

গৌরী স্প্র্যাট আগে একটি হেয়ারকেয়ার প্রতিষ্ঠানে কাজ করলেও বর্তমানে তিনি আমির খান প্রোডাকশন্সের সঙ্গে যুক্ত রয়েছেন। বিয়ের আগে গত এক বছরেরও বেশি সময় ধরে তারা একসঙ্গে বসবাস করছিলেন।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে রীনা দত্ত এবং ২০০৫ সালে কিরণ রাওকে বিয়ে করেন তিনি। আগের সংসারগুলোর সন্তানদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে এবং সন্তানদের লালন-পালনে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।