বিনোদন
সালমান খানের পর শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিলেন আলিয়া ভাট
প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে এবার সরব হলেন বলিউড তারকা আলিয়া ভাট। এর আগে একই বিষয়ে সমর্থন জানিয়েছিলেন অভিনেতা সালমান খান। ফলে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে বলিউড অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
‘ককরচ জনতা পার্টি’ (সিজিপি)-র নেতৃত্বে চলমান এ আন্দোলন নিয়ে সম্প্রতি প্রবীণ অভিনেতা নাসিরুদ্দিন শাহসহ কয়েকজন তারকার নীরবতা নিয়ে সমালোচনা ওঠে। সেই প্রেক্ষাপটেই আলিয়া ভাটের বক্তব্য বিশেষ গুরুত্ব পেয়েছে।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন বার্তায় শিক্ষার্থীদের প্রতি সংহতি জানান এই অভিনেত্রী। তিনি লেখেন, গত কয়েকদিনে তার মন ভেঙেছে আবার আশায়ও ভরেছে। শিক্ষার্থীদের দৃঢ় অবস্থানকে তিনি ভবিষ্যতের স্বপ্ন ও পরিবারের প্রত্যাশার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
আলিয়া বলেন, আন্দোলনরত তরুণরা শুধু নিজেদের নয়, বরং একটি প্রজন্মের কণ্ঠস্বর বহন করছে। তাদের সাহস ও সংকল্প সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন আমরা কি সত্যিই আগামী দিনের ভবিষ্যৎ নির্মাতাদের কথা শুনছি?
অন্যদিকে, আন্দোলন তীব্র হওয়ার পর বিষয়টি নিয়ে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, যুবসমাজের ভবিষ্যৎ রক্ষাই সরকারের প্রধান অগ্রাধিকার। প্রশ্নফাঁসের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে এবং যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।