বিনোদন
২০২৫ সালে বিচ্ছেদের পথে হেঁটেছেন যেসব বাংলাদেশি তারকা
২০২৫ সাল শেষের পথে। বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে হিসাব-নিকাশ চলছে নানা অঙ্গনের। এই বছর বিশ্বজুড়ে শোবিজ ইন্ডাস্ট্রি পার করেছে এক ধরনের অস্থির সময়। কোথাও কাজের সংকট, কোথাও সিনেমা হল কমে যাওয়া, আবার কোথাও সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত প্রভাব—সব মিলিয়ে আলোচনার শেষ ছিল না।
তবে পেশাগত টানাপোড়েনের বাইরেও তারকাদের ব্যক্তিগত জীবন বারবার এসেছে আলোচনার কেন্দ্রে। যেমন একদিকে ছিল বিয়ের সুখবর, তেমনি অন্যদিকে আলোচনায় এসেছে কিছু সম্পর্কের ভাঙনের খবরও। যদিও দেশীয় শোবিজ অঙ্গনে ২০২৫ সালে বিচ্ছেদের ঘটনা খুব বেশি নয়, তবু অল্প কয়েকটি ভাঙনের খবর প্রকাশ্যে এসেছে, যা ভক্তদের দৃষ্টি কেড়েছে।
দিলশাদ নাহার কনা:
সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার ব্যক্তিগত জীবনে ২০২৫ সাল ছিল পরিবর্তনের বছর। দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। ছয় বছর আগে ভালোবেসে গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কনা। তবে সময়ের সঙ্গে সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং বনিবনা না হওয়ায় গত ১৬ জুন তাদের আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ ঘটে।

বিচ্ছেদের পর কনার ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এ বছর তার পুনরায় বিয়ের গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত সেটি গুজব হিসেবেই থেকে যায়।
হৃদয় খান:
জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খানও ২০২৫ সালে তার সংসার ভাঙনের খবর জানান। গত ১৯ ফেব্রুয়ারি তিনি তার তৃতীয় বিয়ের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আনেন।

হৃদয় খান ২০১৭ সালের ১০ সেপ্টেম্বর পারিবারিকভাবে হুমায়রার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দীর্ঘ সাত বছরেরও বেশি সময় একসঙ্গে কাটানোর পর সেই সম্পর্কের ইতি টানেন তিনি। বিচ্ছেদের খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে শোবিজ অঙ্গনে বেশ আলোচনা হয়।
রাশেদ মামুন অপু:
অভিনেতা রাশেদ মামুন অপুর সংসার ভাঙনের বিষয়টি প্রকাশ্যে আসে অনেক পরে। বাস্তবে তাদের বিচ্ছেদ ঘটেছিল প্রায় ছয় বছর আগেই। তবে বিষয়টি দীর্ঘদিন গোপনই ছিল।

গত ১৪ ডিসেম্বর অপুর স্ত্রী, সংবাদপাঠিকা মমরেনাজ মোমো সামাজিকভাবে বিচ্ছেদের বিষয়টি সামনে আনেন। এরপরই জানা যায়, বহুদিন আগেই তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটেছে, যা এতদিন আলোচনার বাইরে ছিল।