বিনোদন

সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি


বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৮:২৯ পিএম

সাকিবকে পেছনে ফেলে শীর্ষে পরীমণি
ছবি: সংগৃহীত

দেশের তারকাদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয়তার দৌড়ে নতুন এক মাইলফলক গড়েছেন চিত্রনায়িকা পরীমণি। ফেসবুকে অনুসারীর সংখ্যায় তিনি ছাড়িয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান-কে।

বর্তমানে পরীমণির অফিসিয়াল ফেসবুক পেজে অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখেরও বেশি। অন্যদিকে সাকিব আল হাসানের অনুসারী সংখ্যা ১ কোটি ৬০ লাখের কিছু বেশি। ফলে প্রায় ১০ লাখ অনুসারীর ব্যবধানে শীর্ষস্থানে উঠে এসেছেন এই অভিনেত্রী।

এর আগে একাধিকবার ফলোয়ার সংখ্যার প্রতিযোগিতায় সাকিব ও পরীমণির মধ্যে পাল্টাপাল্টি অবস্থান দেখা গেছে। বিশেষ করে ২০২৩ সালের আগস্টে আবারও এগিয়ে গিয়েছিলেন সাকিব। তবে সাম্প্রতিক সময়ে দ্রুত অনুসারী বাড়িয়ে সেই ব্যবধান উল্টে দিয়েছেন পরীমণি।

পরীমণির পেজে অনুসারীদের সক্রিয়তাও বেশ চোখে পড়ার মতো। সম্প্রতি কন্যা সন্তানের একটি ভিডিও প্রকাশ করে তিনি প্রায় ৯০ হাজার প্রতিক্রিয়া পেয়েছেন। এর আগে নিজের তোলা তিনটি ছবি শেয়ার করলে সেখানে সাড়ে ৫৬ হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। পাশাপাশি তার সাম্প্রতিক ভিডিওগুলোর ভিউ ১০ লাখ থেকে দেড় কোটিরও বেশি হয়েছে।

১ কোটি ৭০ লাখের বেশি অনুসারী থাকলেও পরীমণি নিজে মাত্র সাতজনকে অনুসরণ করেন, তবে তাদের পরিচয় তিনি প্রকাশ করেননি।

অন্যদিকে অভিনয়ে আগের তুলনায় কিছুটা অনিয়মিত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। বর্তমানে নিজের প্রতিষ্ঠান ‘বডি’ এবং সন্তানদের নিয়েই বেশি সময় ব্যয় করছেন। পাশাপাশি বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমেও অংশ নিচ্ছেন তিনি।

গত দেড় বছরে একাধিক সিনেমায় তার যুক্ত হওয়ার খবর শোনা গেলেও সেসব প্রকল্পের অগ্রগতি নিয়ে এখনো তেমন কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।