বিনোদন

টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে তারকাদের পোস্টের বিষয়ে যা জানা গেল!


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ০৩:২৫ পিএম

টাকার বিনিময়ে মুজিবকে নিয়ে তারকাদের পোস্টের বিষয়ে যা জানা গেল!
ছবি: সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের ৫০তম প্রয়াণ দিবসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। গতকাল পালিত এ দিনটি অতীতে শেখ হাসিনা সরকারের আমলে জাতীয় শোক দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হলেও, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আর সরকারিভাবে পালিত হচ্ছে না। 

তবে সামাজিক মাধ্যমে অনেকেই বঙ্গবন্ধুকে স্মরণ করেছেন। এতে শোবিজ অঙ্গনের তারকারাও ছিলেন সক্রিয়।

এমন প্রেক্ষাপটে গুজব ছড়িয়ে পড়ে যে, নির্দিষ্ট কিছু তারকা অর্থের বিনিময়ে বঙ্গবন্ধুকে নিয়ে পোস্ট দিয়েছেন। গুজবকে আরও ঘনীভূত করে একটি ভাইরাল ব্যাংক স্টেটমেন্ট। সেখানে দাবি করা হয়, অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের নামে থাকা একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে নয়জন শিল্পীর অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।

এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হলে বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ। তাদের তদন্তে প্রমাণিত হয়, ভাইরাল ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া।

রিউমর স্ক্যানার জানায়, স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বর ১৩ সংখ্যার হলেও, সংশ্লিষ্ট ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর ১১ ডিজিটের। যাচাই করে দেখা যায়, উল্লিখিত নম্বরের বিপরীতে কোনো অ্যাকাউন্টের অস্তিত্বই নেই। এছাড়া ভাইরাল স্টেটমেন্টে প্রাপকের নাম উল্লেখ করা হলেও, প্রকৃত ব্যাংক স্টেটমেন্টে প্রাপকের নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না।

 

1-bongobondu-Dhaka Prokah News-16-08-2025.jpg

তাদের আরও পর্যবেক্ষণ— নকল স্টেটমেন্টটি তৈরি করা হয়েছে অনলাইনে সহজলভ্য একটি টেমপ্লেট ব্যবহার করে। টেমপ্লেটের ওপর ব্যাংকের লোগো বসিয়ে ভুয়া তথ্য সংযুক্ত করা হয়েছে। অতীতেও একই কৌশলে বিভিন্ন ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরি করে বিভ্রান্তি ছড়ানোর নজির রয়েছে।