বিনোদন

মজারুর ক্ষুদে গণিতবিদদের মিলনমেলায় অংশ নিচ্ছেন তাসনিয়া ফারিণ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পিএম

মজারুর ক্ষুদে গণিতবিদদের মিলনমেলায় অংশ নিচ্ছেন তাসনিয়া ফারিণ
তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

সারা দেশের ক্ষুদে গণিতপ্রেমী শিশু-কিশোরদের নিয়ে আগামী ৩১ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম মজারু (Mojaru) আয়োজিত জনপ্রিয় গণিত প্রতিযোগিতা ‘অ্যাবাকাস স্পিড মাস্টার সিজন–থ্রি’র গ্র্যান্ড ফিনালে।

আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্বাধীনতা হলে বসবে এ বছরের সবচেয়ে বড় “মানব ক্যালকুলেটরদের” এই মহামিলনমেলা। প্রতিযোগিতার মূল আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন সময়ের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ, যিনি ক্ষুদে প্রতিযোগীদের উৎসাহ দিতে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন অনুষ্ঠানে।

 

tasnim faria-Dhaka Prokah News-30-10-2025.jpg
তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

মজারুর অ্যাবাকাস মাইন্ডম্যাথ কোর্সের প্রায় তিন হাজার শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেয়। প্রাথমিক পর্ব শেষে ৬৯৮ জন ক্ষুদে গণিতবিদ নির্বাচিত হয়েছে গ্র্যান্ড ফিনালের জন্য। প্রতিযোগীরা খাতা, কলম বা ক্যালকুলেটর ছাড়াই অত্যন্ত দ্রুত ও নির্ভুলভাবে গণিত সমাধান করে দেখাবেন- যা হবে ইভেন্টের প্রধান আকর্ষণ।

এবারের আসরে ঘোষণা করা হবে দুইজন গ্র্যান্ড চ্যাম্পিয়ন, যারা প্রত্যেকে পাবেন এক লাখ টাকার শিক্ষাবৃত্তি। এছাড়া আরও ১১ জন চ্যাম্পিয়ন পাবেন ২৫ হাজার টাকা করে, ১১ জন প্রথম রানার আপ ১৫ হাজার টাকা করে, এবং ১১ জন দ্বিতীয় রানার আপ ১০ হাজার টাকার শিক্ষাবৃত্তি অর্জন করবেন।

বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট, মেডেল ও সনদপত্র, এবং সকল অংশগ্রহণকারীও পাবেন সনদ ও মেডেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ড্যাফোডিল ফ্যামিলির চেয়ারম্যান ড. মো. সবুর খান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দীন স্টালিন এবং শিশু মানবাধিকারকর্মী ফাতিহা আয়াতসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মজারুর সিইও মো. আলাউদ্দীন বলেন, “আমরা চাই শিশুরা আনন্দের মধ্য দিয়েই শিখুক, যাতে শিক্ষা তাদের কাছে চাপ নয়— আনন্দ হয়ে ওঠে। মজারু শিশুদের আগামী দিনের জন্য প্রস্তুত করতেই কাজ করছে।”

উল্লেখ্য, মজারু বাংলাদেশের সবচেয়ে বড় কিডস এডটেক প্ল্যাটফর্ম, যা শিশুদের একাডেমিক জ্ঞান, সৃজনশীলতা ও ভবিষ্যৎমুখী দক্ষতা বিকাশে কাজ করছে। তাদের জনপ্রিয় কোর্সসমূহের মধ্যে রয়েছে- অ্যাবাকাস মাইন্ড ম্যাথ, স্মার্ট ইংলিশ ফর কিডস, ক্যাডেট প্রস্তুতি, প্রোগ্রামিং ফর কিডস, এবং প্রবাসী শিশুদের জন্য বাংলা আমার ভাষা।