বিনোদন
১০ বছরের সম্পর্কের ইতি, আলাদা হচ্ছেন প্রীতম ও শেহতাজ
দীর্ঘ ১০ বছরের সম্পর্কের পর বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং তার স্ত্রী অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেম। পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক যৌথ বিবৃতিতে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রীতম ও শেহতাজ। সেখানে তারা জানান, একসঙ্গে কাটানো সময় ও স্মৃতির জন্য দুজনই কৃতজ্ঞ। পরস্পরের প্রতি এখনো যত্ন ও শ্রদ্ধা রয়েছে তাদের।
তবে সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা থাকাই দুজনের জন্য ভালো হবে। দীর্ঘ সময় চিন্তাভাবনা এবং পারস্পরিক সম্মতির ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
বিবৃতিতে আরও জানানো হয়, পরিবারের সমর্থন নিয়ে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন তারা।
এ সময়ে বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমকর্মীদের কাছে নিজেদের ব্যক্তিগত গোপনীয়তা এবং পরিস্থিতির প্রতি সংবেদনশীল থাকার অনুরোধ জানিয়েছেন এই দম্পতি। পাশাপাশি সবার সমর্থন ও বোঝাপড়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারা।
উল্লেখ্য, পাঁচ বছর প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৮ অক্টোবর বিয়ে করেন প্রীতম হাসান ও শেহতাজ মনিরা হাশেম। প্রীতম গায়ক, অভিনেতা ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত। অন্যদিকে শেহতাজ একজন মডেল ও অভিনেত্রী।