বিনোদন
হামে আক্রান্ত হয়ে মৃত শিশুগুলোর অভিশাপ নিন: আসিফ আকবর
দেশে হামের সংক্রমণ ও শিশুমৃত্যু বাড়তে থাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি স্বাস্থ্য ব্যবস্থাপনায় দায়িত্বহীনতার অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানান।
আজ (১২ মে) দেওয়া ওই স্ট্যাটাসে তিনি লিখেছেন, “দায়িত্বহীন ব্যবস্থাপকগণ—হামে আক্রান্ত হয়ে মৃত শিশুগুলোর অভিশাপ নিন। মৃত্যুবরণ জনতার দায়িত্ব।”
তার এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক ব্যবহারকারী শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশের পাশাপাশি দেশের স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৩ জন শিশু, আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের ১২ মে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১১ মে সকাল ৮টা থেকে ১২ মে সকাল ৮টা পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটে।
একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ১০৫ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৮৭ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ৭ হাজার ২৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়সীমায় হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ৮৮১ শিশু, যাদের মধ্যে ৩২ হাজার ৮৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
শিশুদের মধ্যে হামের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি।