বিনোদন
বাংলাদেশি যুবকের সঙ্গে বিবাহবন্ধনে পাকিস্তানি ভ্লগার রুবিনা মারুফ
বাংলাদেশি এক যুবকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানি ভ্লগার রুবিনা মারুফ। মঙ্গলবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি এ সুখবর জানান।
পোস্টে রুবিনা মারুফ লিখেছেন, জীবনের নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত তিনি নিজের ভাগ্যের পথচলাকে সাদরে গ্রহণ করেছেন। নিকাহ অনুষ্ঠানে বাবা-মায়ের মুখে আনন্দ ও গর্বের হাসি দেখে তার সব দ্বিধা দূর হয়ে যায় বলেও উল্লেখ করেন তিনি।
নতুন জীবন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে রুবিনা জানান, সীমান্ত পেরিয়ে আসা এই ভালোবাসা এবং বাংলাদেশি জীবনসঙ্গীকে পাওয়ায় তিনি কৃতজ্ঞ। জীবনের নতুন অধ্যায় শুরু করতে পেরে তিনি উচ্ছ্বসিত বলেও জানিয়েছেন।
রুবিনা মারুফের পারিবারিক শিকড় বাংলাদেশের যশোরে। তার বাবা ১৯৬৮ সালে যশোর থেকে পাকিস্তানের পাঞ্জাবে পাড়ি জমান এবং সেখানেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তাদের পরিবারে তিন বোন ও এক ভাই ছিলেন। তবে ২২ বছর বয়সে ভাইয়ের মৃত্যু তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল বলে বিভিন্ন সময় জানিয়েছেন রুবিনা।
বর্তমানে তিনি করপোরেট খাতে কর্মরত। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে একজন পরিচিত ভ্লগার হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন। বাংলাদেশি যুবকের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।