বিনোদন

মেয়ে কারিনার পাসপোর্ট বুকে চেপে পবিত্র কাবা প্রাঙ্গণে কায়সার হামিদ


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ এএম

মেয়ে কারিনার পাসপোর্ট বুকে চেপে পবিত্র কাবা প্রাঙ্গণে কায়সার হামিদ
ছবি: সংগৃহীত

মেয়েকে সঙ্গে নিয়ে পবিত্র কাবা শরিফে ওমরাহ পালনের ইচ্ছা ছিল জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদের। কিন্তু সেই ইচ্ছা পূরণের আগেই না ফেরার দেশে পাড়ি জমান তার মেয়ে, জনপ্রিয় কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সার। প্রাণবন্ত মেয়েকে হারিয়ে শোকে দিশেহারা বাবা এবার মেয়ের স্মৃতি বুকে নিয়েই পবিত্র মক্কায় ওমরাহ পালন করতে গেছেন।

কারিনা এখন আর পাশে নেই। তবে তার স্মৃতি হিসেবে রয়ে গেছে পাসপোর্টটি। মেয়ের অপূর্ণ ইচ্ছা পূরণের পাশাপাশি সেই স্মৃতিচিহ্ন সঙ্গে নিয়েই এবার পবিত্র কাবা শরিফে উপস্থিত হয়েছেন কায়সার হামিদ।

কারিনাকে নিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা গত বছর থেকেই করেছিলেন কায়সার হামিদ। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই হঠাৎ থেমে যায় কারিনার জীবন। লিভার সংক্রান্ত জটিলতায় ভুগে কয়েক মাস আগে ভারতের চেন্নাইয়ের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেয়ের অপূর্ণ ইচ্ছাকে হৃদয়ে ধারণ করে এবার কাবা শরিফে গেছেন কায়সার হামিদ। মক্কা থেকে সামাজিক মাধ্যমে কারিনার পাসপোর্ট হাতে একটি আবেগঘন ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে মেয়েকে নিয়ে আল্লাহর ঘরে আসার পরিকল্পনার কথা স্মরণ করে নিজের অনুভূতি জানিয়েছেন।

কায়সার হামিদ আরও জানান, স্বপ্নে তিনি কারিনাকে নিজের সঙ্গে পবিত্র কাবা শরিফ প্রদক্ষিণ করতে দেখেছেন। এ কারণে তার বিশ্বাস, শারীরিকভাবে পাশে না থাকলেও আত্মিকভাবে কারিনা তাদের সঙ্গেই ওমরাহ পালন করেছে। মেয়ের পাসপোর্টটিও পুরো সময় নিজের সঙ্গে রেখেছেন তিনি।

প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে অল্প সময়েই তরুণদের কাছে পরিচিত হয়ে উঠেছিলেন কারিনা কায়সার। পরবর্তীতে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও প্রশংসা পান তিনি। জনপ্রিয় কয়েকটি ধারাবাহিক ও সিরিজেও কাজ করেছিলেন এই তরুণ প্রতিভা।