বিনোদন

চিকিৎসায় অর্থ নয়, মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন ফরিদা পারভীনের ছেলে


বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০১:৪৬ পিএম

চিকিৎসায় অর্থ নয়, মায়ের সুস্থতার জন্য দোয়া চাইলেন ফরিদা পারভীনের ছেলে
কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

বাংলা লোকসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আজ অসুস্থ। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছেন এই গুণী লালনসাধক। তাঁর এই শারীরিক দুর্বলতা যেন কেবল একজন মানুষের নয়—বরং তা যেন পুরো সংগীতজগতের এক নিরব নিস্তব্ধতা।

তবে এই দুঃসময়ে চিকিৎসার জন্য কোনো অর্থিক সহায়তার আবেদন করেননি ফরিদা পারভীন কিংবা তাঁর পরিবার। বরং ছেলে ইমাম জাফর সবাইকে অনুরোধ জানিয়েছেন, “গুজব নয়, শুধু দোয়া ছড়ান।”

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ায় যে, আর্থিক সংকটে ফরিদা পারভীনের চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন তাঁর ছেলে। তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা মায়ের চিকিৎসা চালিয়ে যেতে পারছি। প্রয়োজনে তাঁর নিজস্ব সঞ্চয় দিয়েই তা করা সম্ভব। তাই কেউ যেন ভেবে না নেয়, তিনি আর্থিক সংকটে রয়েছেন।”

 

forida parbin2-Dhaka Prokah News-07-07-2025.jpg
কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন। ছবি: সংগৃহীত

ইমাম জানান, ফরিদা পারভীনের কিডনির সমস্যা ২০১৯ সাল থেকে চলমান। বর্তমানে ডায়ালাইসিস শুরু হয়েছে, যার ফলে তিনি শারীরিকভাবে আরও দুর্বল হয়ে পড়েছেন।

“এই সময়ে আমরা ভাইবোনেরা এবং আমাদের পরিবারের সদস্যরা মায়ের পাশে রয়েছি। সরকার থেকেও সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করা হয়েছে, কিন্তু মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন—তিনি কোনো সহায়তা নিতে চান না,”—যোগ করেন তিনি।

তাঁর মতে, একজন শিল্পীর কাছে অর্থের চেয়েও বড় বিষয় হচ্ছে ভালবাসা, দোয়া ও শ্রদ্ধা। আর সেই শ্রদ্ধা থেকেই পরিবারের পক্ষ থেকে সবাইকে অনুরোধ—“আমার মা যেন আবার গানে ফিরতে পারেন, মঞ্চে দাঁড়িয়ে গেয়ে ওঠেন—এই প্রার্থনাই চান আমরা।”

প্রসঙ্গত, ফরিদা পারভীন নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান দিয়ে সংগীতজগতে পথচলা শুরু করলেও পরে সাধক মোকসেদ আলী শাহের কাছে তালিম নিয়ে লালনের গানকে বিশ্ব দরবারে তুলে ধরেন। তাঁর কণ্ঠে লালনের গান যেন বাংলা মাটির গন্ধমাখা এক অমলিন ঐতিহ্য।