বিনোদন
সাবেক স্ত্রীকে আইনি নোটিশ পাঠালেন কুমার শানু
বলিউডের কিংবদন্তি গায়ক কুমার শানু তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যের সাম্প্রতিক বক্তব্যকে "মিথ্যা ও মানহানিকর" দাবি করে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রীতা অভিযোগ করেন, কুমার শানু তার তৃতীয় গর্ভাবস্থার সময় খাবার ও ওষুধ দেওয়া বন্ধ করে দিয়েছিলেন। শুধু তাই নয়, সংসার ছাড়ার সময় সঙ্গে করে মাইক্রোওয়েভ, ফ্যানসহ ঘরের জিনিসও নিয়ে যান বলে অভিযোগ তার।
এই বক্তব্য ঘিরে আলোচনার ঝড় ওঠে সামাজিক মাধ্যমে। এরপরই শানুর আইনজীবী সানা রইস খানের মাধ্যমে সাবেক স্ত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়।

এক বিবৃতিতে আইনজীবী সানা বলেন, “চার দশকেরও বেশি সময় ধরে সংগীত জগতে সক্রিয় কুমার শানু। তার সুনাম ও সম্মান নষ্ট করতে মিথ্যা অভিযোগের বিরুদ্ধে আমরা আইনের আশ্রয় নিয়েছি। একজন শিল্পীর জীবনের কাজ, মর্যাদা ও পারিবারিক সম্মানকে রক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
রীতার অভিযোগ অনুযায়ী, শানুর আচরণ ছিল সন্দেহপ্রবণ এবং নিয়ন্ত্রণমূলক। তার ভাষায়, “তিনি আমাকে বাইরে যেতে দিতেন না, এমনকি হঠাৎ পালিয়ে যান, সবকিছু নিয়ে। আমি ভাগ্যক্রমে বেঁচে যাই—দুধওয়ালা ও ডাক্তার আসতেন বলেই সন্তানদের বাঁচাতে পেরেছি।”
এই বক্তব্যকে "ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত" দাবি করে কুমার শানুর আইনজীবী বলেন, বিষয়টির প্রেক্ষিতে প্রয়োজন হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।