পরিবেশ-জলবায়ু
টানা ৫ দিন অতি ভারী বর্ষণের সম্ভাবনা
সারাদেশে টানা পাঁচ দিন ধরে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টায় আবহাওয়ার পাঁচ দিনের পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
রংপুর অঞ্চলে বর্তমানে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হতে পারে এবং সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শনিবার (২৬ জুলাই) থেকে মঙ্গলবার (২৯ জুলাই) পর্যন্ত প্রতিদিনের পূর্বাভাসে একই ধরনের আবহাওয়ার প্রবণতা বজায় থাকবে বলে জানায় আবহাওয়া অফিস। প্রতিদিনই দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় আবহাওয়া অধিদপ্তর জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী ও পাহাড়ি এলাকাগুলোতে বাসিন্দাদের অতিরিক্ত সচেতন থাকতে বলা হয়েছে, যাতে সম্ভাব্য পাহাড়ধস, জলাবদ্ধতা কিংবা নদীভাঙন থেকে প্রাণ ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।